রূপগঞ্জে ছাত্রদল নেতা আবু মাসুম গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২০, ০৬:০৭ পিএম
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতা পরিকল্পনার মামলায় রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা আবু মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতে ইছাখালী ব্রিজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে একই মামলায় গ্রেফতার করা হয়েছিল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক স্বপনকে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আবু মাসুমের বিরুদ্ধে রিমান্ডের আবেদন চেয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর বৃহস্পতিবার মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়ার ভুলতা এলাকার বাড়িতে বিএনপি ও যুবদল নেতাদের বৈঠকে জুম অ্যাপের মাধ্যমে লন্ডন থেকে সংযুক্ত ছিলেন বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
সেই বৈঠকে সরকার বিরোধী ও নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা চলছিল বলে পুলিশ জানায়। নাশকতা ঠেকাতে সেখানে অভিযান চালিয়েছে। এ সময় জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক স্বপনকে গ্রেফতার করে পুলিশ।
এই ঘটনায় ওই দিনই বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুসহ ১১ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৬ ( ৫ নভেম্বর ২০২০)।
মামলায় যাদের নাম উল্লেখ করা হয় তারা হলেন জেলা যুবদলের সম্পাদক গোলাম ফারুক খোকন, যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান ইমন, রূপগঞ্জ যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা দুলাল হোসেন, ছাত্রদল নেতা সজীব, সারোয়ার হোসেন রাজীব, আবু বক্কর, নয়ন ও রাশিদুল হক।
এছাড়াও মামলায় অজ্ঞাত আরো ৯০ জনকে আসামী করা হয়েছে।


