Logo
Logo
×

নগরের বাইরে

কাউন্সিলর আলার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের অভিযোগ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২০, ০৮:০০ পিএম

কাউন্সিলর আলার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের অভিযোগ
Swapno

সিদ্ধিরগঞ্জে কদমতলী এলাকার মোজাম্মেল হোসেন নামে এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের অভিযোগ পাওয়া গেছে সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন আলার বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সার্জেন্ট ছিলেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘কদমতলী এলাকায় রাস্তা ও ড্রেণের নির্মাণ কাজ শুরু হয়েছে। যার ধারাবাহিকতায় কদমতলী এলাকায় মোজাম্মেল হোসেনের বাড়ির সামনে ড্রেণ নির্মাণ করার জন্য সিটি কর্পোরেশনের শ্রমিকেরা সেখানে কাজ শুরু করেন। এসময় মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন এতে বাধা দেন। এতে করে মুক্তিযোদ্ধার সঙ্গে কাউন্সিলর আলী হোসেন আলার বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে কাউন্সিলর আলী হোসেন আলা মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেনকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেন এবং বাজে ব্যবহার করেন।
 
ভুক্তভুগী মোজ্জামেল হোসেন বলেন, ‘আমার বাড়ির সামনে ড্রেণ নির্মাণ করবে সেটা আমাদের জন্য অনেক ভালো। আমরা এজন্য সিটি কর্পোরেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে ড্রেণ ও রাস্তার জন্য আমি বাড়ি করার আগেই জায়গা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমার উল্টো দিকে বাড়ির মালিক কোন জায়গা ছাড়েনি। যখন ড্রেণ করতে আসছে তখন আবারও জায়গার জন্য আমার বাড়ি ভাঙতে গেলে আমি বাধা দেই। তখন কাউন্সিলরকে অনুরোধ করি যাতে না ভাঙে। আমি ওনাকে বলি যে আমি আগেই জায়গা দিয়ে রেখেছি তাহলে আবার কেন আমার বাড়ি ভাংবেন। পাশের বাড়িওয়ালা জায়গা ছাড়েনি সেখান থেকে ভাঙেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে যান এবং বলেন, সেখানে ফাউন্ডেশন করা বাড়ি ভাঙা যাবে না। এদিক থেকেই ভাঙতে হবে। এতে আমি প্রতিবাদ করলে কাউন্সিলর আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।’ 
তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা হয়ে দেশ স্বাধীন করেছি। আজ নিজের বাড়ির রক্ষা করতে গেলে কাউন্সিলর ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। বাজে ব্যবহার করে। আমি এর বিচার চাই।’  
এদিকে মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের অভিযোগ অস্বীকার করেন কাউন্সিলর আলী হোসেন আলা। তিনি বলেন, ‘কোন ধাক্কা দেয়া হয়নি। ওনাকে বলেছি রাস্তা সবার জন্য। আর রাস্তা করতে গেলে কারো তিন ফুট যায়, আবার কারো এক ফুট। 

এভাবেই সবাই মিলে রাস্তা করতে দেয়। এখানে যেহেতু একটু অংশ পড়েছে সেহেতু এদিক থেকে ভেঙে করে ফেলি। কারণ ওই পাশে ফাউন্ডেশন দেওয়া ভবন। যা ভাঙতেও সমস্যা। এর বেশি কোন কথা হয়নি।’ 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন