জামদানি পল্লী’র প্লট অবৈধভাবে হস্তান্তরের অভিযোগ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ০৭:৩৭ পিএম
রূপগঞ্জের জামাদানি শিল্পকে বাঁচিয়ে রাখতে কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে সরকার অনেক কম মূল্যে তাঁতিদের জন্য বরাদ্দকৃত এই প্লটগুলো অবৈধভাবে হস্তান্তর করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দেশে ও দেশের বাইরে রূপগঞ্জের নোয়াপাড়া’র জামাদানির সুনাম আছে। জামদানি বাঙ্গালির সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কিন্তু স্থানীয় প্রভাবশালীদের দৌরাত্ম্যে এই সরকারি প্লট গুলো ক্রমেই চলে যাচ্ছে যাদের তাঁত শিল্পে সঙ্গে কোন সম্পৃক্ততা নেই তাদের হাতে। ধ্বংসের মুখে পড়ছে বাঙ্গালি জাতির এ ঐতিয্যবাহী জামাদানি শিল্প।
নোয়াপাড়া বিসিক শিল্পনগরী অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, জামদানি পল্লীকে বাঁচিয়ে রাখতে ১৯৯৯ সালে রূপগঞ্জ উপজেলা নোয়াপাড়া এলাকায় মোট ২০ একরজমিতে ৪১৬ টি প্লট করে তাঁতিদের পূনর্বাসন করে সরকার।
২০০১ সালে ৫ বছরের মধ্যে ১০টি কিস্তিতে ঋণ পরিশোধের শর্তে প্রকৃত তাঁতিদের নিকট ৪০৭ টি প্লট হস্তান্তর করে সরকার।
বাকী ৯ টি প্লট পল্লী বিদ্যুৎ ও পাম্প হাউজের জন্য সংরক্ষিত রাখা হয়। প্লট বরাদ্দের পর থেকে তাঁতিদের সরলতার সুযোগ নিয়ে স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও দালালরা প্রভাব দেখিয়ে স্বল্প টাকার বিনিময়ে অবৈধভাবে প্লট ক্রয়-বিক্রয় শুরু করে।
বিসিক শিল্প নগরী অফিসকে না জানিয়ে সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা সবাই দলগতভাবে তাঁতিদের জন্য বরাদ্দকৃত ৪০৭ টি প্লটের ২২১ টি প্লটই অবৈধভাবে বিক্রয় করা হয়েছে। অনেকেই প্লট কিনে ২২৬ টি প্লটে ঘর বানিয়ে ভাড়া দিয়ে রাখা হয়েছে। যেখানে জামদানি বুননের কোন কার্যক্রম চলে না। যে কয়েকটি চলে তা ও লোক দেখানো।
এ সকল কারণে প্রকৃত তাঁতিরা জামদানি শিল্প থেকে দূরে সরে যাচ্ছে। এর ফলে রূপগঞ্জের ঐতিয্যবাহী জামদানি পল্লী ধীরে ধীরে বিলীন হয়ে যাবে বলে আশংকা করছে সচেতন মহল।
এ বিষয়ে নোয়াপাড়া বিসিক শিল্পনগরীর কর্মকর্তা শাহজাহান আলী বলেন, সর্বশেষ এ বছরের সেপ্টেম্বর মাসের জরিপ অনুযায়ী ৪০৭ টির মাঝে ২২১ টি প্লট বিসিক কর্তৃপক্ষকে না জানিয়ে অবৈধভাবে ক্রয়-বিক্রয় করা হয়েছে। এছাড়া বেশির ভাগ প্লটের কিস্তি পরিশোধ করা হয়নি। এ উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


