নারায়ণগঞ্জে ফ্রান্সের পন্য বয়কট ঘোষণা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০২ নভেম্বর ২০২০, ০৬:৪৮ পিএম
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফতুল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ ফতুল্লা শাখার উদ্যোগে সোমবার দুপুরে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ফতুল্লার প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে তা থানার গেটে এসে শেষ হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফুর রহমান স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী। এছাড়াও বিভিন্ন মসজিদের ইমামগণ মানববন্ধনে বক্তব্য রাখেন।
মীর সোহেল আলী বলেন- ‘দলমত নির্বিশেষে আমরা প্রত্যেকে মুসলমান। আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে ফ্রান্স যেই দৃষ্টতা দেখিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা রাসুলের জন্য জীবন দিতে প্রস্তুত।
বিশ্বনবীকে নিয়ে কোন ধরনের অপমান মুসলিম জাতি সহ্য করবে না। আমাদের প্রধানমন্ত্রীও একজন মুসলিম। তিনিও নবীর পক্ষে। নারায়ণগঞ্জে আমরা ফ্রান্সের পন্য বয়কট ঘোষণা করলাম। আশা রাখি রাষ্ট্রীয় ভাবেও সারা দেশের মানুষ ফ্রান্সের পন্য বয়কটের মাধ্যমে কঠোর প্রতিবাদ জানাবে।’
সভাপতির বক্তব্যে খন্দকার লুৎফুর রহমান স্বপন বলেন, আল্লাহ তায়ালা গোটা মানবজাতির নবী হিসেবে হযরত মোহাম্মদ (সঃ) কে প্রেরণ করেছেন। আমরা সেই বিশ্বনবীর উম্মত। আমাদের নবীর সম্মানে অপমান আমরা মুসলিমরা বরদাস্ত করবো না। তাই প্রতিবাদ স্বরুপ আমরা মাঠে নামতে বাধ্য হয়েছি।
ঈমানী চেতনা আমাদের ঘরে বসে থাকতে দেয়নি। বাংলার সব মুসলিমরা জেগে উঠেছে। ইতিমধ্যে ফ্রান্সের প্রধানমন্ত্রী তার সুর পরিবর্তন করছে। ফ্রান্স যদি রাষ্ট্রীয় ভাবে ক্ষমা না চায় তাহলে আমাদের প্রতিবাদ আগামীতেও চলবে ইনশা আল্লাহ।
মানববন্ধনে মসজিদের ইমাম ও খতিবগণ বক্তব্য রাখেন। পরে হাজারো মুসল্লিদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খন্দকার মশিউর রহমান তরুন, পাপন সরকার, মো. তানিম, মো. রাজু, মো. সম্রাট, প্রমূখ।


