সিদ্ধিরগঞ্জে জিতু বেপোরোয়া : প্রশাসনের হস্তক্ষেপ কামনা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ১১:১০ পিএম
নাসিক ৪নং ওয়ার্ড আটি গ্রামের মৃত হারুন রশীদের ছেলে জিতু বাহিনী মাথা চাড়া দিয়ে উঠছে তার নানা অপকর্মের মাধ্যমে। জানা যায়, জিতু দীর্ঘদিন ধরে মাদক সেবন করে। জীবিত থাকতে তার বাবা তাকে অবৈধ কাজে বাধা দিতেন। কিন্তু জিতু ও তার ছোট ভাই জয় তাদের বাবার কথায় কোন কর্ণপাত করতোনা।
তাদের বাবা স্ট্রোক করে মারা যায়। বাবার মৃত্যুর পর রংধনু সিনেমা হল তারা দুই ভাই পরিচালনা করতো। কিন্তু বাংলা সিনেমার দর্শক না পাওয়ায় জিতু কৌশলে বিভিন্ন জায়গা থেকে মেয়েদেরকে এনে রংধনু সিনেমা হলকে মিনি পতিতালয় বানিয়ে ফেলে। কয়েকবার এই রংধনু সিনেমা হল থেকে খদ্দের সহ পুলিশ কয়েকজনকে আটকও করেছিল। পরে সিনেমা হলটি বন্ধ করে দেওয়া হয়।
এ বিষয়ে কথা হলে নাসিক ৪নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মোঃ কবির হোসেন বলেন, আমি প্রায় ১৮ বছর উত্তর আজিবপুর বায়তুল মামুর জামে মসজিদে সাধারণ সম্পাদক পদে নিয়োজিত আছি। তাই আমি আরো ৪টি মসজিদের সভাপতি ও সেক্রেটারী এবং সামাজিক ব্যক্তিরা একত্রিত হয়ে জিতু ও জয়ের রংধনু হল থেকে মিনি পতিতালয় বন্ধ করে দেই এবং মেয়েদের পুলিশের হাতে তুলে দেই।
এতে আমার উপর ক্ষিপ্ত হয়ে জিতু আমার ভাগিনা মোঃ বিপ্লব হোসেনকে রাত দুই বছর আগে রাতের বেলায় অস্ত্র ঠেকিয়ে মেরে ফেলার জন্য আক্রমণ করে। তিনি জানান, বিপ্লবের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে জিতু বাহিনী হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় ২০১৮ সালে ১৮ই ফেব্রুয়ারী জিতুর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী করেন।
তখন থেকেই জিতু এলাকার ত্রাস হিসেবে পরিচিত। মাদক ব্যবসা থেকে শুরু করে দেহ ব্যবসা, ছিনতাই’সহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। একইভাবে চলতি বছরের ১৫ই সেপ্টেম্বর মাছ ব্যবসায়ী মোঃ জাকির হোসেনের ভাগিনা মোঃ সিফাত হোসেনের কাছ থেকে ১ লক্ষ ৬৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় জিতু বাহিনী।
এ ঘটনার রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় জিতু বাহিনীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করা হয়। থানায় অভিযোগ করার কারণে জিতু বাহিনীর হুমকির মাত্রা বেড়ে যায় বাদি পক্ষের উপর।
জিতু বাহিনী বড় ধরনের প্রভাব খাটাতে চায় বলে মনে করছেন অনেকে। যাতে করে জিতুর অবৈধ ব্যবসা কেউ বন্ধ করতে প্রতিবাদ না করে। জিতুর বিরুদ্ধে এসব অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভুগীরা।


