আড়াইহাজারে ট্রলারের ধাক্কায় জেলে নিহত
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ০৬:৫৪ পিএম
আড়াইহাজারে মেঘনা নদীতে ট্রলারের ধাক্কায় খুরশিদ (৬৩) নামের এক জেলে নিহত হয়েছেন। এ সময় তার সাথে থাকা শাহজাহান ও তার ছেলে সিরাজ গুরুতর আহত হয়।
রবিবার (১ নভেম্বর) ভোর রাতে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর এলাকায় মাছ ধরার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের পরিবার জানায়, খুরশিদ তার দুই সঙ্গীকে নিয়ে ছোট নৌকা করে মেঘনা নদীর আড়াইহাজার এলাকায় মাছ ধরছিলেন। সে সময় শিপন, আলামিন, সোহেল, ইকবাল ও ইসাকুল নামের ৫ জনের মালিকানাধীন একটি মাছ ধরার বড় ট্রলার ঐ নৌকাটিকে ধাক্কা দেয়।
সাথে সাথে নৌকায় থাকা ৩ জনই নদীতে পড়ে গেলে খুরশিদের মাথায় চাপ লাগে। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। আহতরা এখনো গুরতর অবস্থায় চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে তাদের পরিবার থেকে অভিযোগ জানানো হয়েছে জানিয়ে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, খাগকান্দা নৌ পুলিশকে ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য বলা হয়েছে।


