সোনারগায়ের গণধর্ষণ মামলার প্রধান আসামী ঢাকা থেকে গ্রেফতার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ১০:৪৯ পিএম
সোনারগাঁ থানার একটি গণধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ শাহাজালাল (৩৩) কে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব ১১’র একটি আভিযানিক দল।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহজাহান জেলার ফতুল্লা থানার কাশিপুর এলাকার বাসিন্দা।
এ বিষয়ে র্যাব জানায়, গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে গণধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ শাহাজালাল ও তার ৩ জন সহযোগি মিলে ভিকটিমকে মোগড়াপাড়া চৌরাস্তা হতে মাইক্রোবাস যোগে অপহরণ করে।
পরে ২০ অক্টোবর তারিখ রাত পৌনে ১১টার দিকে সোনারগাঁয়ের কংকা ফ্যাক্টোরীর সামনে ভিকটিমকে হাত, পা বেধে মাইক্রোবাস থেকে ফেলে দেয়। পরবর্তীতে স্থানীয় জনগণের সহায়তায় ভিকটিমকে উদ্ধার পূর্বক ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এ ঘটনায় ২৩ অক্টোবর সোনারগাঁও থানায় মামলা রুজু করা হয়। মামলার সূত্র ধরে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্প আসামী গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন হতে গণধর্ষণ মামলার প্রধান আসামী শাহজালালকে গ্রেফতার করে।
শাহাজালাল (৩৩) এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ও অন্যান্য আসামী গ্রেফতারে র্যাব এর তৎপরতা অব্যাহত আছে।


