কাঁচপুরে গাড়ি থামিয়ে চাঁদাবাজি করার সময় মো.মোমেন (৩৫) নামের এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১।
শনিবার (৩০অক্টোবর) ঢাকা-সিলেটগামী মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর সেনপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব।
শনিবার (৩০অক্টোবর) এক প্রেসবিজ্ঞপ্তি’র মাধ্যমে র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো.জসিম উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদে ভিত্তিতে শনিবার সকালে কাঁচপুর সেনপাড়া এলাকার এস ইন্টারন্যাশনাল সিএনজি এন্ড ফিলিং স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিমে পাশে লেগুনা থামিয়ে চাঁদা আদায় করছিল মোমেন। এসময় তার কাছে থাকা চাঁদাবাজির নগদ ২ হাজার ১২০ উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লেগুনা চালক ও গ্রেফতারকৃত মোমেন জানিয়েছে, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে বাবুল মিয়ার (৪০) নেতৃত্বে তারা পরস্পর যোগসাজশে সেনপাড়া এলাকায় চলাচলরত লেগুনা ড্রাইভার ও হেলপারদের নিকট হতে আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক দৈনিক প্রতি লেগুনা থেকে ১০০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।
মোমেনকে এর পূর্বে আরো ২ বার গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে র্যাব-১১ জানায়, চাঁদাবাজি বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


