তল্লা মসজিদে বিস্ফোরণ: কমিটির সভাপতি গ্রেফতার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ১০:০২ এএম
বহুল আলেচিত পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণের ঘটনায় মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
৩০ অক্টোবর (শুক্রবার) রাত দশটায় নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের একটি দল তাকে তল্লা রেললাইন এলাকায় তার নিজের বাড়ির সামনে থেকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার মো: নাসির উদ্দিন জানান, মামলার তদন্ত ভার গ্রহণের পর থেকেই আবদুল গফুর (গফুর মেম্বার) আমাদের নজরদারিতে ছিল।
বিভিন্ন সময়ে তাকে জিজ্ঞাসাবাদ করে তার কর্তব্যে গাফিলতি এবং অবহেলার সুষ্পষ্ট তথ্য প্রমাণ পাওয়ায় তাকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, গ্রেফতারের পর আবদুল গফুরকে সিআইডির হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সিআইডির এই কর্মকর্তা আরো বলেন, ঘটনার কারণ উদঘাটনে আমরা তিতাস, ডিপিডিসি ও মসজিদ কমিটিসহ এখানে কার কার গাফিলতি আছে সেগুলো খতিয়ে দেখছি। এরমধ্যে এসব সংস্থার বারোজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে যাদেরই দোষ প্রমাণিত হচ্ছে তাদের সবাইকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাতে তল্লার এই মসজিদে এশার নামাজ চলাকালে সৃষ্ট এক বিস্ফোরণে প্রায় অর্ধশত মুসুল্লি দগ্ধ হয়। ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে ৩৭জনকে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সর্বশেষ ৩৫ জনের মৃত্যু হয়।
মসজিদের পাশের গ্যাস লাইনের পাইপ লিকেজ থাকায় এবং এসি চলার কারণে সব দড়জা জানালা বন্ধ থাকায় পুরো মসজিদের ভেতরে একটি গ্যাস চেম্বারের সৃষ্টি হয়। সে সময় বিদ্যুৎ চলে গেলে মসজিদের মুয়াজ্জিন একটি অবৈধ লাইনের মাধ্যমে ফেইজ পরিবর্তন করার সময় সৃষ্ট স্পার্ক থেকে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সেক্রেটারীসহ ৩৫ জনের মৃত্যু হয়।


