ফতুল্লায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আমিন হোসেন সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার(২৯ অক্টোবর) রাত ১০টায় তাকে কুতুবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এর আগে ফতুল্লায় ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজানকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগে তার স্ত্রী স্বপ্না বেগম বাদী হয়ে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য আমিন হোসেন সাগরসহ ছয় জনের নামে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেন। বুধবার (২৮ অক্টোবর) সকালে মামলা দায়ের করা হয়।
গত মঙ্গলবার ক্যাবল (ডিশ) ব্যবসাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে কুতুবপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মাহমুদপুর এলাকায় কুতুবপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মিজানের উপর এই আক্রমন করা হয়। সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার দুই হাত ও পায়ের হাড় ভেঙে গেছে বলে তার স্বজনরা জানিয়েছে।
অভিযোগের বিবরণে জানা যায়, মিজানের ছোট ভাই আলী নূরের ক্যাবল ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে তাদের সাথে সাথে দ্বন্দ্ব ছিল স্থানীয় আনিছুর রহমান ভুলু, আব্দুর রহমান, আমিন হোসেন সাগর, তাইজুল ইসলাম তাজু, মজিবুর রহমান, হান্নান মিয়া শান্তসহ কয়েকজনের সাথে।
এরই সূত্র ধরে মঙ্গলবার দুপুরে মিজানকে মোটর সাইকেল থেকে নামিয়ে মাহমুদপুর তাইজুদ্দিন মার্কেটের সামনে লোহার পাইপ দিয়ে বেধরক পেটায় তারা। এ সময় গুরুতর আহত মিজানকে সড়ক থেকে উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায়।
কুতুবপুরের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ক্যাবল ব্যবসাকে কেন্দ্র করে ৫-৬টি গ্রুপ রয়েছে উল্লখ করে জানান, এখানকার সব গ্রুপ থেকেই আমিন হোসেন সাগর মাসিক চাঁদা নেন। চাঁদাকে কেন্দ্র করেই তাদের মাঝে দুরত্ব ও দ্বন্দ্ব সৃষ্টি হয়। তারই জেরে এই মারধরের ঘটনা।
তিনি বলেন, আমিন মেম্বারের নির্বাচনে তার পক্ষে কাজ করছিল মিজান। কিন্তু ডিস ব্যবসার চাঁদার দ্বন্দ্বে মেম্বারের উস্কানিতেই এই মারধরের ঘটনা।
অন্যদিকে আমিন হোসেন সাগর অভিযোগ অস্বীকার করে এর মধ্যে অযথাই তাকে জড়ানো হয়েছে বলে জানান।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, ছাত্রলীগ নেতার স্ত্রীর দায়ের করা মামলায় আমীন হোসেন সাগরকে গ্রেফতার করা হয়েছে।


