র্যাব-১১’র অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২০, ০৬:৪৭ পিএম
দেশের অর্থনীতির সিংহভাগই আসে পোশাক রপ্তানি খাত থেকে। আর রপ্তানির জন্য চট্টগ্রাম বন্দরে পৌছানোর উদ্দেশ্যে এই পোশাক ভর্তি কাভার্ডভ্যানগুলোর বেশীরভাগই ব্যবহার করে থাকে যখন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। কিন্তু প্রায়ই ডাকাতির শিকার হয় এই পরিবহগুলো। বাধার মুখে পড়ে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আর্জনকারী এই শিল্প প্রতিষ্ঠানের শিপ্মেন্ট।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক প্রেস বার্তায় র্যাব-১১’র অধিনায়ক, লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলম জানান, একটি ডাকাতির প্রস্তুতিকালে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে ডাকাত দলের তিন সদস্যকে।
গ্রেফতারকৃতরা হলো লক্ষীপুর কমলনগর থানাধীন পশ্চিম চরসিতা এলাকার সুমন (৩০), লক্ষীপুর সদর থানার চর সেকেন্দর এলাকার রাজু (২৪) ও লক্ষীপুর রামগতি থানার পূর্বচর কলাকোপা এলাকার মিজানুর রহমান (৩২)।
ঘটনার বিবরণে জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টায়। গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-১১, সিপিএসসি’র একটি দল ঢাকা-চট্টগ্রাম মহসড়কের বন্দরের কেওঢালায় অভিযান চালায়।
সেখানে ডাকাতরা অবৈধ অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে রপ্তানিজাত পোশাকভর্তি কাভার্ডভ্যান থামিয়ে ডাকাতি করার প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২ রাউন্ড কার্তুজসহ ১টি পিস্তল, ২ রাউন্ড সীসা কার্তুজসহ দেশীয় তৈরি ১টি পাইপ গান, ১টি ছোড়া, ১টি চাপাতি ও ১টি রামদা উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানায়, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে এখানে ধারালো অস্ত্র প্রদর্শন করে কাভার্ডভ্যান থামিয়ে লুটতরাজ ও ডাকাতি করছিল। এর ফলে গার্মেন্টস মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হতো এবং সময়মতো শিপমেন্ট দিতে না পারায় বিদেশী ক্রেতাদের নিকট দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হতো।


