আড়াইহাজারে সবজি বাজারে অস্থিরতা : নেই বাজার মনিটরিং
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ০৭:৩১ পিএম
আড়াইহাজারে বিভিন্ন বাজারে সবজির অতিরিক্ত দামে নাভিশ্বাস হয়ে উঠেছেন ক্রেতারা। সবজি সহ বিভিন্ন নিত্যপণ্যে দাম অতীতের রেকর্ড ভেঙেছে বলেও অনেকেই দাবি করেন। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং না করায় বাজারে আলু সহ বিভিন্ন সবজির দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
অনেকেই অভিযোগ করেন, বাজার অস্থির হলেও এ যেন দেখার মতো কেউ নেই। সিন্ডিকেটের মাধ্যমে আলুর বাজার অস্থির করে তোলা হয়েছে। আলু ছাড়াও অন্যান্য সবজির দামও অতিরিক্ত।
এতে অনেকের পক্ষে সবজি কেনা সম্ভব হচ্ছে না। উপজেলার জাঙ্গালিয়া বাজারে বুধবার গিয়ে দেখা গেছে, আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ পঞ্চাশ টাকা, টমেটো-১২০,পটল-৮০, করলা-৬০,মুলা কেজি- ৬০, মিনি সাইজ ফুল কপি ৩০, শিম ১২০, কাঁচামরিচ ২৫০, শুকনা মরিচ-২৫০-৩০০, রসুন-১২০ ও আদা-১২০ টাকা। স্থানীয় শিক্ষক নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘সবজি ছাড়াতো আর ভাত খাওয়া যায় না।
তবে সবজির খাওয়া অনেকেই পক্ষেই সম্ভব হয়ে উঠবে না। বাজার ক্রমেই অস্থির হয়ে উঠেছে। যেকোনো সবজি কিনতে গেলে ৭০ থেকে ৮০ টাকা গুনতে হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট কেউ বাজার মনিটরিং করছে না। মনিটরিং করা হলে হয়তো সবজির দামে কিছুটা হলেও লাগাম টেনে ধরা যেতো।’
সবজি বিক্রেতা আবু দাইয়ান বলেন, পাইকারী সবজি কিনতে গিয়ে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। তাই সবজির বাজার অস্থির হয়ে উঠেছে। আলুর দামও পাইকারী আড়তে বেশী। একই চিত্র দেখা গেছে, আড়াইহাজার পৌরসভা, গোপালদী পৌরসভা, কালিবাড়ি, বালিয়াপাড়া ও বান্টি বাজারেও।
অনেকেই অভিযোগ করেন, আলু সহ সবজির দাম প্রতিদিনই বাড়ছে। এতে করে সবজি কিনে খাওয়ার মতো অবস্থায় নেই। কিন্তু আলুর দাম নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার পদক্ষেপ এ পর্যন্ত কেউ দেখিনি।


