একটি ফোন কলেই মিলবে বিদ্যুৎ -জিএম সাইরুল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ০৭:২৬ পিএম
শুধু মাত্র একটি ফোন কলের মাধ্যমেই ঘরে বসে বিদ্যুতের সেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১’র সিনিয়র জিএম সাইরুল ইসলাম। ফোন কলেই বিদ্যুৎ ও মিটার মিলবে উল্লেখ করে তিনি বলেন, মানুষের পাশে থেকে মানুষের অধিকার বুঝিয়ে দিতে চাই।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় বন্দরের সেলসারদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বন্দর জোনাল অফিসের উদ্যোগে অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে সেবা-গ্রহীতা-অংশীজনদের অবিহিতকরন সভা ও গণশুনানীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসমস্ত কথা বলেন।
বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছ না লাগানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন এতে আপনার আমারই নিরাপত্তা বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, করোনাকালেও আমরা আপনাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিয়েছি। এখন আর রাতের ৩টার সেবা সকালে না দিয়ে রাত ৩টাই দিয়ে থাকি।
নারায়ণগঞ্জ-১ পল্লী বিদ্যুৎ সমিতি বন্দর জোনের ডিজিএম স.ম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতি বোর্ড এর পরিচালক তানজিম আহমেদ, বন্দর জোনাল অফিসের এজিএম আশিকুর রহমান, ওয়ারিং ইন্সপেক্টর মজিবুর রহমান, পাওয়ার এক্স কো-অডিটর মহিদুল ইসলাম, সেলসারদী সপ্রাবি’র প্রধান শিক্ষিকা বাবলী রায়, আ’লীগ নেতা নাজমুল, পারভেজ, জামান প্রমূখ।


