আড়াইহাজারে দুই মণ ইলিশসহ ৪ জেলে আটক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০, ০৯:২১ পিএম
ইলিশ সংরক্ষণে সরকারের ঘোষণায় বর্তমানে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা আছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৪ জেলেকে ১৬ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এসময় জব্দ করা হয় ২ মণ ইলিশ ও ২ লাখ মিটার জাল।
সোমবার (২৬ অক্টোবর) দিনভর আড়াইহাজার উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ এর উদ্যোগে মেঘনা নদীতে অভিযানকালে আড়াইহাজারে এই ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, নজরুল (৪০), পারভেজ (১৮), আবু হানিফ (১৮) ও ইলিয়াস (১৭)। তারা সবাই আড়াইহাজারের বিশনন্দি ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেনের নেতৃত্বে সেখানে আদালত বসিয়ে তাদের অর্থদন্ড দেয়া হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার। তাদেরকে সহায়তায় ছিল খাগকান্দা পুলিশ ফাঁড়ির সদস্যরা।
খাগকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম আজাদ জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চলে।
অভিযান চলাকালে ২ লাখ মিটার মাছ ধরার জাল ও ২ মণ মাছ জব্দ করা হয়। জালের মধ্যে দেড়লাখ মিটার বেহুন্দি জাল ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল।


