রূপগঞ্জে কাভার্ডভ্যান চাপায় মোটর সাইকেল আরোহী নিহত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০, ০৯:০৬ পিএম
রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় আব্দুল্লাহ আল মামুন (৩৬) নামের মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনায় কাভার্ডভ্যান চালক ইয়াকুব (২৮) ও তার ছোট ভাই হেলপার মাসুমকে (২১) আটক করেছে পুলিশ। তারা ফেনীর সদর থানার মধুপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের সুলপিনা এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত মামুন রাজধানী খিলক্ষেতের পিংক সিটি এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে। এই ঘটনায় আরো একজন আহত হয়েছে কিন্তু তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।
রূপগঞ্জ থানার এসআই সোহেল মোল্লা জানান, আব্দুল্লাহ আল মামুন এশিয়ান হাইওয়ের বাইপাস সড়ক দিয়ে মোটর সাইকেল যোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মালবাহী কাভার্ডভ্যান মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মামুন নিহত হয়।
এসআই সোহেল মোল্লা বলেন, এ সময় তার সঙ্গে থাকা অপরজন গুরুতর আহত হয়। তাৎক্ষনিকভাবে আহতের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নিয়ে যান। চালক-হেলপারসহ কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট ১৬-৪০৩৬) আটক রাখা হয়েছে বলে তিনি জানান।


