ফজলুল হক খুন : মা’র পর ছেলে গ্রেফতার
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ১০:৪০ পিএম
আড়াইহাজারে প্লাসটিকের একটি বালতিতে কলাগাছ পড়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই ফজলুল হক ওরফে ফজলু নামে একবৃদ্ধ (৬৫) খুনের মামলায় পুলিশ তার ভাতিজা সাকিবকে গ্রেফতার করেছে।
এর আগে ঘটনার দিন সাকিবের মা সেলিনাকে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে। পরে মামলায় গ্রেফতার দেখায়। তবে মামলার প্রধান আসামি এবাদুল এখনো পলাতক রয়েছে। তিনি মৃত গণি মিয়ার ছেলে।
এ ঘটনায় মৃতের স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে মামলা করেন। মামলা নং- ১৪ (১০)২০২০ইং। তাতে একই পরিবারের তিন সদস্যেকে আসামি করা হয়েছে। এরই মধ্যে পুলিশ দুইজকনকে গ্রেফতার করেছে।
প্রসঙ্গত, ২৩ অক্টোবর শুক্রবার বিকালে ৪টার দিকে এবাদুল তার বাড়ির পাশে একটি কলাগাছ কাঁটছিলেন। একই সময় ফজলুর গাছের পাশ দিয়ে বালতি হাতে নিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে কলাগাছটি ফজলুর বালতি গিয়ে পড়ে যায়। এতে বালতি ভেঙে যায়।
এনিয়ে তাদের মধ্যে প্রথমে বাগবিতন্ডার চলতে থাকে। পরে দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে ছোটভাই এবাদুল বড়ভাই ফজলুর মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ খবর পেয়ে মৃতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতলের মর্গে পাঠায়। উপজলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ব্রাহ্মন্দী ষাড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


