বন্দরে নারী শ্রমিকের লাশ উদ্ধার : পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ১০:৫২ পিএম
বন্দরে রাহিমা বেগম (৪৫) নামে জুট মিলের এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৪ অক্টোবর শনিবার বন্দরের মদনপুর এশিয়ান হাইওয়েস্থ সুরুজ আলী টেক্সটাইল মিলের সামনের রাস্তা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
লাশের দুই হাটু , পিঠ ও কোমড়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং নাক থেঁতলানো ছিল। লাশের কান দিয়ে রক্ত ঝরছিল বলে পুলিশ জানায়। নিহত রাহিমা বন্দরের মদনপুর বড় সাহেব বাড়ির কৈতারবাগ এলাকার রুহুল আমিনের স্ত্রী।
পুলিশ সড়ক দূর্ঘটনায় মৃত্যুর কথা বললেও রাহিমার পরিবারের অভিযোগ তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
নিহত রাহিমার ভাগ্নে আবদুর রহমান জানান, তার খালা রাহিমা বেগমের বিয়ে হয় বন্দরের মদনপুর বড় সাহেব বাড়ির কৈতারবাগ এলাকার রুহুল আমিনের সঙ্গে। রুহুল আমিন পরে আবারও বিয়ে করেন। এরপর নানা কারণে রাহিমাকে নির্যাতন করত রুহুল।
পরে সতিনের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি কাঁচপুর এলাকার মালেক জুট মিলে কাজ নেন এবং আলাদা জীবনযাপন করেন। গত শুক্রবার সকালে রাহিমা বেগম কাজে যান। বেলা ২ টায় অফিস ছুটির পরও বাড়ি না আসায় তারা বিভিন্ন জায়গায় রাহিমার খোঁজ করেন।
অবশেষে শনিবার সকাল ৭ টায় বন্দরের মদনপুর এলাকার সুরুজ আলী টেক্সটাইল মিলের সামনের রাস্তা থেকে রাহিমার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে ধামগড় পুলিশ ফাঁড়ির পরিদর্শক আজিজুল হক জানান, শনিবার সকালে রাহিমার লাশ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সড়ক দূর্ঘটনায় রাহিমার মৃত্যু হয়েছে। লাশের দুই হাটু , পিঠ ও কোমড়ে আঘাতের চিহ্ন আছে এবং নাক থেঁতলানো ছিল। লাশের কান দিয়ে রক্ত ঝরছিল ।


