Logo
Logo
×

নগরের বাইরে

লক্ষ্মী নারায়ণ কটন মিলে পালিত হচ্ছে ৭৮তম শারদীয় দুর্গোৎসব

Icon

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ১০:১৯ পিএম

লক্ষ্মী নারায়ণ কটন মিলে পালিত হচ্ছে ৭৮তম শারদীয় দুর্গোৎসব
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত শতবছরের পুরনো নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলটিতে প্রতি বছরের ন্যায় এবারো পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব।

 

এটি এই মন্দিরের ৭৮তম দুর্গোৎসব। তবে বিগত কয়েক বছরের ন্যায় এবছরেও পুজার পূর্বে মন্দির খুলে দিতে রাজী হচ্ছিলনা মিলটি দখলকারী প্রতিষ্ঠান নিট কনসার্ন গ্রুপের লোকজন। পরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলমের হস্তক্ষেপে সকল সমস্যার সমাধান হলে পুজার আনুষ্ঠানিকতা শুরু করে।

 

শনিবার মহাষ্টমী পুজার আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিল পুজা উদযাপন কমিটির সভাপতি বিজয় সরকার, সেক্রেটারী বকুল বিশ্বাস, পরেশ সাহা, বিদ্যুৎ দে, শিপলু মন্ডল, বিধান সরকার, তরুণ বেগী, অন্তু ধর, কিশোর দাস, সৌরভ বাড়ৈ, সজল নাথ, বর্ষন বর্মন প্রমুখ।

 

জানা গেছে,  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত শতবছরের পুরনো নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলটি ১৮ একর ৬৫ শতাংশের উপর গড়ে উঠেছিল। ২০০১ সালে ২১ মার্চ ৫১০ জন শ্রমিককে মালিক বানিয়ে মিলটি হস্তান্তর করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার।

 

তবে তৎকালীন প্রধানমন্ত্রী যে লক্ষ্য নিয়ে মিলটি নামমাত্র মূল্যে শ্রমিকদের কাছে হস্তান্তর করেছিল সেই উদ্দেশ্য বাস্তবায়ন হতে দেয়নি পরিচালনা পর্ষদের নেতৃত্বদানকারী একটি অসাধু সিন্ডিকেট। লোকসানের কথা বলে মিলটির একজন বিনিয়োগকারী নিয়োগের কথা বলে প্রতারণার মাধ্যমে ৩৮২ জনের শেয়ার হাতিয়ে নিয়ে নিট কনসার্ন গ্রুপের কাছে বিক্রি করে দেয়।

 

অথচ মিলটির শেয়ার বিক্রি করা আইনগতভাবে বৈধ নয়। ৫৩ জন শেয়ারহোল্ডার শেয়ার বিক্রি করতে রাজী না হওয়ায় তাদের উপর গত ৮ বছর ধরে চালানো হয়েছে নির্যাতনের স্টীম রোলার। তাদেরকে শ্রমিক কলোনী থেকে উৎখাতের জন্য অসংখ্যবার চেষ্টা করে নিট কনসার্ন গ্রুপের নিয়োজিত সন্ত্রাসীরা।

 

গ্যাস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি এমনকি তাদের শ্রমিক কলোনীতে আগুনও ধরিয়ে দেয়। বর্তমানে নিট কনসার্ন গ্রুপে হাইকোর্টে মামলা থাকার পরেও সরকারের কোন ধরনের অনুমতি ছাড়াই সেখানে বহুতল ভবন নির্মাণ করেছে।

 

এদিকে ২০১৩ সাল থেকেই প্রতিবছর মিলটির অভ্যন্তরে অবস্থিত মন্দিরে শারদীয় দুর্গোৎসবসহ নানা পুজা আয়োজনে প্রতিবন্ধকতার সৃষ্টি করে আসছে নিট কনসার্ন গ্রুপের লোকজন। তখন মিলটির সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে শারদীয় দুর্গাপুজা উদযাপন নিয়ে শঙ্কা দেখা দেয়।

 

পরে তাদের ৭৮তম আয়োজন কিন্তু সে আয়োজনে বাধ সাধে নীট কর্নসান গ্রুপ। মিলের ভিতরে তাদের মূল্যবান মেশিনারিজ আছে এবং পূজা আয়োজনে তার ক্ষতি সাধন হতে পারে জানিয়ে এবার মন্দির প্রাঙ্গণে পূজা আয়োজনে বাঁধা দেয় তারা। তখন আয়োজকরা জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বারস্থ হয়।

 

জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের নেতৃত্বে পরিষদ নেতৃবৃন্দ বিষয়টি নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলমকে অবহিত করলে ২০ অক্টোবর সকালে উভয় পক্ষকে পুলিশ সুপার কার্যালয়ে আসতে বলেন।

 

তখন এসপির নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সকলকে নিয়ে বসে সমস্যার সমাধান করে দেন এবং এবারের পূজা আয়োজন মন্দিরের ভিতরেই হবে বলে জানান। পরে ওইদিন থেকে মিলটির অভ্যন্তরে অবস্থিত মন্দিরে ৭৮তম শারদীয় দুর্গোৎসবের আয়োজন শুরু করে উদযাপন কমিটি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন