বন্দরে বাড়ি ভাড়া বকেয়াকে কেন্দ্র করে ফয়েজ (৪০) নামে এক ভাড়াটিয়াকে পিটিয়ে বেদম প্রহার করে হত্যাকান্ডের খবর পাওয়া গেছে। শুক্রবার ২৩অক্টোবর পুরান বন্দর চৌধুরী বাড়িস্থ প্রধানবাড়ি উম্মে কুলসুম এর বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত যুবক মোঃ ফয়েজ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন চরবলাকী গ্রামের আবুল মিয়ার ছেলে।
জানা গেছে, বন্দর চৌধুরী বাড়িস্থ প্রধান বাড়ি এলাকার উম্মে কুলসুম এর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে মোঃ ফয়েজ তার স্ত্রী,সন্তান নিয়ে বসবাস করছিল। করোনা মহামারীতে কোথাও তেমন কাজ করতে না পাড়ায় বাড়ি ভাড়া ঠিকমত মিটাতে পারেনি।
এতে করে কয়েক মাসের ভাড়া বকেয়া থাকে।
এই বকেয়া বাড়ি ভাড়া দ্রুত পরিশোধ করতে গত বৃহস্পতিবার রাতে বাড়ির মালিক উম্মে কুলসুম ভাড়াটিয়া মোঃ ফয়েজ ও তার স্ত্রী রোজিনা বেগমকে চাপ দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডাও হয়।
শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির মালিক উম্মে কুলসুম ও অপর ভাড়াটিয়া মহিউদ্দিনসহ তার স্ত্রী শিরিনা মিলে বকেয়া ভাড়া পরিশোধ করতে না পারলে এখনই বাড়ি থেকে তাড়িয়ে দিবে বলে মোঃ ফয়েজ ও তার স্ত্রী রোজিনাকে গালমন্দ করে।
উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ সময় বাড়ির মালিক উম্মে কুলসুম ও তার সহযোগী ভাড়াটিয়া মহিউদ্দিন,তার স্ত্রী শিরিনা একপর্যায়ে ফয়েজকে এলাপাথারী পিটাতে থাকে। ভাড়াটিয়া ফয়েজ তাদের উপর্যোপরী বেদম প্রহারে পড়ে গিয়ে মারাত্নক আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।
আহত ফয়েজের স্ত্রী রোজিনা বেগম চিৎকার করলে আশপাশের লোক এসে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে ।


