ভাইকে খুন করে কারাগারে : চাচীর মাথা ফাটালো ভাতিজা গং
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ০৯:৪৬ পিএম
সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিনপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইকে হত্যার অভিযোগের মামলায় গত ৬ মাস ধরে কারাগারে রয়েছে বড় ভাই। এর ৭ মাসের মাথায় এবার খুন হওয়া চাচার স্ত্রীর (চাচী) মাথা ফাটিয়েছেন অভিযুক্ত বড় ভাইয়ের ছেলেরা।
এ ঘটনায় কারাবরণকারী আলী হোসেনের ছেলে রাজা মিয়া, বাদশা মিয়া ও স্ত্রী মাসুদার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভুগী জাহানারা বেগম।
ভুক্তভুগী জাহানারা বেগম জানান, আমার স্বামীর হত্যা মামলায় তার (স্বামীর) বড় ভাই কারাগারে আছে। সেই ক্ষোভ এবং পূর্বে জমি সংক্রান্ত বিরোধ থেকে আমাদের উপর ক্ষিপ্ত তারা। মামলার পর থেকে তারা এতদিন বাড়িতে ছিলনা।
কয়েকদিন আগে বাড়িতে এসে আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যে অভিযোগ দেয়। এরপরই গত ২০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির উঠোনে আমাকে মারধর করে।
এসময় তাদের হাতে থাকা বাঁশের আঘাতে আমার মাথা ফেটে যায়। পরে আমার ভাই এসে চিকিৎসার জন্য আমাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক স্বপন মিয়া জানান, জাহানারা বেগম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি হাতে পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ২নং ওয়ার্ডস্থ মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় গত ৭ এপ্রিল বুধবার রাতে মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিজ বাসার সামনে আপন ছোট ভাই আলী আহম্মদকে (৪৪) পিছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বড় ভাই আলী হোসেন (৪৬)।
১০ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে ১৭ এপ্রিল শুক্রবার সকাল ১১’টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই আলী আহম্মদের মৃত্যু হয়।
তিনি ঐ এলাকার মৃত কমর উদ্দিনের ছেলে। উক্ত ঘটনায় হত্যা মামলায় আলী হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।


