ফতুল্লার ধর্মগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রীকে মধ্য যুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে গৃহবঁধু আয়েশা আক্তারকে হত্যার চেষ্টা চালায় স্বামী ও তার সহযোগীরা।
এ ব্যাপারে আয়েশা আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় স্বামী শাহাদাৎ(৩৫),মামুন ইসলাম(২৮),সাইফুল ইসলাম(৫৭) ও শাহজাহান(৪৭) কে আসামী করে একটি লিখিত অভিযোগ দিয়েছে।
দীর্ঘ ১৩ বছর আগে ফতুল্লার নবীনগর এলাকার আব্দুল হাইয়ের মেয়ে আয়েশা আক্তারের সাথে ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকার সাইফুল ইসলামের ছেলে শাহাদাৎ-এর বিয়ে হয়। বিয়ের পর থেকেই আয়েশাকে যৌতুকের জন্য শ্বশুর বাড়ির লোকজন নির্মম নির্যাতন করে আসছিল। এরই মধ্যে উভয়ের সংসারে রাহাত ও সুমাইয়া নামের দুটি সন্তানের জন্ম হয়।
সন্তানদের মুখের দিকে তাকিয়ে আয়েশা তার স্বামী ও শ্বশুর বাড়ির লোবকজনদের অমানুষিক নির্যাতন সহ্য করে আসছিল। স্বামী শাহাদাৎ এরমধ্যে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। এর প্রতিবাদ করে আয়েশা।
এতে স্বামী আরো তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। গত সোমবার রাতে আয়েশার উপর স্বামীসহ বেশ কয়েকজন অমানুষিক নির্যাতন চালায়। এক পর্যায়ে শাহাদাৎসহ অপর আসামীরা আয়েশাকে হত্যার চেষ্টা করে। মারাত্মক আহত আয়েশা আক্তার তার পরিবারের লোকজন খবর দিলে তারা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা করায়।
অভিযোগের তদন্তকারী অফিসার এসআই হুমায়ুন কবির জানান, গৃহবঁধু একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত বলতে বলতে পারবো।
এব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন জানান, গৃহবঁধু থানায় কোনো অভিযোগ দিয়েছে কিনা তা আমার জানা নেই। অভিযোগ করে থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


