আড়াইহাজারের আনোয়ার হত্যা মামলার ৬ আসামি কারাগারে
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ১১:১৭ পিএম
আড়াইহাজারের কাদিরদিয়া এলাকার আনোয়ার হোসেন হত্যা মামলার ৬আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৯ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী এড.খোরশেদ আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলায় বাদী পক্ষের আইনজীবী হিসেবে আরও ছিলেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আনিসুর রহমান দিপু, সাবেক সভাপতি এড. আব্দুল বারী ভুঁইয়া, সমিতির সাবেক সহ-সভাপতি এড. সৈয়দ মশিউর রহমান শাহিন। আসামি পক্ষে জামিনের আবেদন শুনানিতে ছিলেন এড. এটি ফজলে রাব্বী ও এড. সিদ্দিকুর রহমান।
মামলা সূত্রে জানাগেছে, চলতি বছরের ৬ আগস্ট ভোর সাড়ে ৫টায় আনোয়ার হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট চালিয়ে সন্ত্রাসী আবু হানিফের নেতৃত্বে আনোয়ার হোসেনকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়।
ওই ঘটনায় নিহতের ভাই জাফর আলী বাদী হয়ে আবু হানিফ,আক্তার হোসেন, জাকারিয়া, আহসান, বিল্লাল, মতিন, জিয়াউল হক, রমজান, আজিম উদ্দীন, আশরাফ আলী, হালিম, জমির আলী, আব্দুল আজিজ, গোলজার, বেলায়েত সহ আরও ১০/১২জনকে আসামি করে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই মামলায় ৬ সপ্তাহের জন্য উচ্চ আদালত থেকে গত ৮ সেপ্টেম্বর আহসান ওরফে আছেম, বিল্লাল, আবদুল মতিন, রমজান, হালিম, জমির আলী ও বেলায়েত আগাম জামিন পান। ওই জামিনের মেয়াদ শেষে নিম্ম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বৃদ্ধ হালিম বাদে বাকি ৬ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।


