তৈমুরর জন্মদিনের অনুষ্ঠানে হামলা, ভাংচুর
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ০৭:০০ পিএম
বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা অ্যাড. তৈমুর আলম খন্দকারের জন্মদিন ও বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় আয়োজিত অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। হামলায় তার গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।
তৈমুর আলম খন্দকারের ছোট ভাই নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ অভিযোগ করে বলেন, রূপসীর খন্দকার বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষ দিকে যখন প্রধান অতিথি বক্তব্য দিচ্ছেন তখন সরকার দলীয় অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এ হামলা চালায়। হামলায় অন্তত ২৫-৩০ জন আহত হয়েছেন। এ সময় গাড়ি, সাউন্ড সিস্টেম, চেয়ার, মোবাইল ভাংচুর করা হয়েছে।
তৈমূর আলম খন্দকারের সহকারী আলাল জানান, বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনা, তৈমূর আলম খন্দকারের জন্মদিন উপলক্ষ্যে রূপসী খন্দকার বাড়িতে দোয়ার আয়োজন করা হয়। বিকেল ৪টার মধ্যে মঞ্চে উপস্থিত হন মাহমুদুর রহমান মান্না, তৈমূর আলম খন্দকার, তার মেয়ে মার-ই-য়াম সহ অনেকেই।
ওই সময়ে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের লোকজন অস্ত্র নিয়ে হামলা চালায়। উপস্থিত লোকজনদের একের পর এক মারধর করতে থাকে। মঞ্চ থেকে নেতাদের ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ৩০ জন আহত হয়েছে।
এছাড়া হামলাকারীরা সেখানে থাকা বেশ কয়েকটি গাড়ি ও মটরসাইকেল ভাঙচুর করে। আকস্মিক এ হামলায় লোকজন আতংকিত হয়ে পড়ে। এভাবে একটি হামলা ন্যাক্কারজনক ঘটনা। তৈমূর আলম খন্দকার জানান, তাদের অনুষ্ঠানে স্থানীয় সন্ত্রাসীরা হামলা করেছে। এতে অনেক আহত হয়েছে।
তৈমূর আলম খন্দকার জানান, ছাত্রলীগের সভাপতি ফয়সাল শিকদারের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। মাহমুদর রহমান মান্নাকে লাঠি দিয়ে আঘাত করেছে। তিনি আহত।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘আয়োজনটি মন্ত্রীর বাড়ির পাশেই ছিল। স্থানীয় সরকারদলীয় নেতারা তাতে বাধা দেয় বলে জেনেছি। তবে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বিষয়টি খোঁজ নিতে পুলিশ পাঠানো হয়েছে।’
অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের অনুমতি বা অবহিত করা হয়নি জানিয়ে ওসি বলেন, ‘আমাদের আগে জানালে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত থাকতো।’


