সেই দুর্ধর্ষ সন্ত্রাসী মীরু কারাগারে
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০৭:২৩ পিএম
ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দুর্ধর্ষ সন্ত্রাসী মীর হোসেন মীরুকে নারায়ণগঞ্জ ডিপিডিসির দায়ের করা একটি মামলায় (নং-৪/৯/১৯) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে কুতুবপুরের নিজ বাড়িতে থেকে মীরুকে গ্রেফতারের পর আদালতে পাঠালে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, দুপুরে কুতুবপুরের নিজ বাড়িতে থেকে মীরু আটক করে ডিবির একটি দল।
জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ডিবির হেফাজতে রাখা হয়। পরে ফতুল্লা থানায় দায়ের করা নারায়ণগঞ্জ ডিপিডিসির একটি মামলায় ওয়ারেন্ট থাকায় মীরুকে থানায় হস্তান্তর করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ডিপিডিসির দায়ের করা একটি মামলায় ফতুল্লা থানায় ঢাকা কোর্টের ওয়ারেন্ট থাকায় মীরুকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে মীর হোসেন মিরু নিজের পরিচয় দিয়ে বেড়ালেও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন জানান, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটির কোনো অনুমোদন নেই।
মীরু এক মূর্তমান আতঙ্ক। মীরুর বিরুদ্ধে অর্ধশত অভিযোগ রয়েছে ফতুল্লা মডেল থানায়। এছাড়াও চাঁদাবাজী, মারামারি ও হত্যা মামলাসহ রয়েছে ১৯ টি মামলা।
পাগলা বউ বাজার ও শাহী মহল্লার মাদকসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে মীরু গড়ে তুলেছে বিশাল বাহিনী। আধিপত্য প্রতিষ্ঠায় হত্যা করতেও দ্বিধাবোধ করেনি মীরু।
সম্প্রতি ফতুল্লার পাগলা বাজার এলাকায় প্রকাশ্যে জেলা পুলিশের এক সদস্যকে প্রকাশ্যে আঙুল উঁিচয়ে ধমকি দিয়েছিলো মীরু। প্রকাশ্যে ওই পুলিশ সদস্যকে শাসানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।


