সিদ্ধিরগঞ্জে পুলিশের নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ
মোঃ আরিফ হোসেন
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ০৮:৪২ পিএম
সারা দেশের ন্যায় সিদ্ধিরগঞ্জেও নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ পালন করেছে পুলিশ। শনিবার সকাল ১০টা থেকে একযোগে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দশটি ওয়ার্ডের দায়িত্বরত বিট পুলিশের কর্মকর্তারা
এ সমাবেশের আয়োজন করে। আয়োজিত এ সমাবেশে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা’সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, সমাজসেবক, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
একটি সমাবেশে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ফারুক বলেন, নারী ও শিশু নির্যাতন কীভাবে প্রতিরোধ করা যায় সেজন্য সরকার এই উদ্যোগ নিয়েছে।
বর্তমান এই সমস্যাটি কারো একার পক্ষে প্রতিরোধ করা সম্ভবনা। এর জন্য সকল শ্রেণী-পেশার মানুষকে সচেতন হয়ে একসাথে কাজ করতে হবে। সকলের নৈতিকতা বজায় রাখতে হবে। তাহলেই আমাদের পক্ষে এ সমস্যা প্রতিরোধ করা সম্ভব।
সমাবেশে উপস্থিত অতিথিদের বক্তব্য শেষে নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে শ্লোগান দিয়ে র্যালীর মাধ্যমে সমাবেশের কার্যক্রম শেষ করা হয়।


