তল্লা’র মসজিদে বিস্ফোরণের ঘটনায় মিটার রিডার গ্রেফতার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ অক্টোবর ২০২০, ০৪:১৪ পিএম
তল্লা’র বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ডিপিডিসি’র নিয়োগকৃত মিটার রিডার আরিফুর রহমান (৩০) কে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর দেড়টায় কিল্লারপুল এলাকা হতে সিআইডি নারায়ণগঞ্জ এর পুলিশ পরিদর্শক মোঃ বাবুল হোসেন এর নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। আরিফুর রহমান পটুয়াখালীর বাউফল থানার নুরাইনপুর এলাকার ইউনুছ হাওলাদারের ছেলে।
বিকেলে সিআইডি নারায়ণগঞ্জ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এর সত্যতা নিশ্চিত করেন বিষ্ফোরণের মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি নারায়ণগঞ্জ এর পুলিশ পরিদর্শক মোঃ বাবুল হোসেন
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন জানান, গত ৪ সেপ্টেম্বর শুক্রবার ফতুল্লা থানাধীন পশ্চিম তল্লা’র বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় সংঘটিত এক বিস্ফোরণে মসজিদের ইবাদতরত অবস্থায় ৪৫জন অগ্নি দগ্ধ হয়।
এর মধ্যে গুরুতর অবস্থায় ৩৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইনষ্টিটিউট ও প্লাষ্টিক সার্জারী বিভাগে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখান থেকে অদ্যাবদি একজন সুস্থ্য হয়ে ফিরে আসতে পারলেও মারা যায় ৩৪জন।
এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ২জন। এরপর বিভিন্ন দপ্তরের তদন্তে আসে মসজিদের পাশের তিতাসের লাইনে লিকেজের কারণে এবং মসজিদে এসি থাকার কারণে পুরো মসজিদ একটি গ্যাস চেম্বারে পরিণত হয়।
সেসময় বিদ্যুৎ চলে যাওয়ায় মুয়াজ্জিন বিদ্যুতের ফেজ পরিবর্তন করতে গেলে সৃষ্ট স্পার্ক থেকে গ্যাসের মাধ্যমে পুরো মসজিদে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। মসজিদে এসি চালানোর জন্য ব্যবহৃত দুইটি ফেজের একটি ছিল অবৈধ।
মিটার রিডার আরিফ অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়টি জানা স্বত্ত্বেও অসৎ উদ্দেশ্যের কারণে তা প্রকাশ করেনি। এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে কোন পদক্ষেপও গ্রহণ করেনি। সিআইডি’র তদন্তে আসামীর বিরুদ্ধে সাক্ষ্য প্রমান পাওয়া যাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।
মোঃ বাবুল হোসেন অরো জানান, গ্রেফতারকৃত আরিফুর রহমানকে ফতুল্লা মডেল থানার মামলায় কোর্টে পুলিশ রিমান্ডের আবেদন সহ সোপর্দ্দ করা হবে।
তিনি আরো জানান, মসজিদে বিস্ফোরণের ঘটনায় মিটার রিডার আরিফুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ বিদ্যুৎ এর স্পার্ক থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল । এই বিদ্যুৎ সংযোগ তদারকি করার দায়িত্ব ছিল আরিফুল। দায়িত্ব অবহেলার অভিযোগে বিদ্যুৎ বিভাগ তাকে বহিষ্কার করেছে।
সিআইডির পুলিশ সুপার আরও জানান, আগামী তিন সপ্তাহের মধ্যে এ ঘটনার তদন্ত প্রতিবেদন আদালতে দেয়া হবে এবং ঘটনার সাথে আরও যাদের অবহেলা রয়েছে এবং ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করা হবে।


