‘আহমদ শফীর বলিষ্ঠ নেতৃত্ব স্বর্ণাক্ষরে লেখা থাকবে’
সংবাদ বিজ্ঞপ্তি :
প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ০৯:১৭ পিএম
দেশ ও ইসলামের অতন্ত্র প্রহরী বেফাক ও হাইয়াতুল উলইয়া এবং হেফাজতে ইসলামের সাবেক চেয়ারম্যান শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর স্মরণে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বা বেফাক নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার (১০ অক্টোবর) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দেওভোগ মাদরাসা মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বা বেফাক নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল কাদির। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রয়াত শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর বড় সাহেবজাদা মাওলানা ইউসুফ আল-মাদানী দা.বা উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি ও দেওভোগ মাদরাসার মোহতামিম মাওলানা আবু তাহের জিহাদী, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন জিহাদী, নারায়ণগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি এবিএম সিরাজুল মামুন, বেফাক রূপগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মাওলানা বদরুল আলম জিহাদী, বেফাক নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা আব্দুল মালেক, মাওলানা জাকির হোসেন কাসেমী, মাওলানা ফেরদৌস, মুফতী শহীদুল্লাহ প্রমুখ।
আল্লামা শাহ আহমদ শফী (রহ) এর কর্মজীবন এদেশের আলেম সমাজ ও তৌহিদী জনতার জন্য এক অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে উল্লেখ করে বক্তারা বলেছেন, জীবদ্দশায় তিনি বাংলাদেশে ভ্রান্ত মতবাদ ও অনৈসলামিক কার্যকলাপের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখে গেছেন। আল্লামা শাহ আহমদ শফী (রহ.) তার বর্ণাঢ্য জীবনে ইসলাম, দেশ ও জাতীর বহুমুখী খেদমত করেছেন। বিশ্বনবীর ইজ্জত রক্ষায় নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে ঐতিহাসিক হেফাজত আন্দোলনে তার বলিষ্ঠ নেতৃত্ব ও ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা থাকবে।
বক্তারা আরো বলেন, দ্বীনি ও সেবামূলক কাজে আল্লামা শফী আমাদের সদা উৎসাহ অনুপ্রেরণা যোগাতেন, পরামর্শ দিতেন। তার ইন্তেকালে আমরা একজন যোগ্য অভিভাবক হারালাম। তার শূন্যস্থান কখনও পূরণ হবার নয়। দলমত নির্বিশেষে সব মতের আলেমদের এক পতাকাতলে এনে তিনি যেভাবে দ্বীনের বহুমুখী কাজ করে গেছেন ইতিহাসে তার দৃষ্টান্ত বিরল।


