মাদকের চালানসহ গ্রেফতার হওয়া আক্তার-সুমন বেপরোয়া !
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০, ০৯:১১ পিএম
বিএনপির ঘরের লোক হলেও সুবিধা ভোগের আশায় ভোল পাল্টেছেন ফতুল্লার কুতুবাইল এলাকার মৃত আলাউদ্দিন হাজীর দুই পুত্র আক্তার ও সুমন। ভোলপাল্টে নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
আধিপত্য বিস্তারের লক্ষ্যে কেবল কুতুবআইলই নয় আশপাশের বেশ কয়েকটি এলাকাতেও গড়ে তুলেছেন বিশাল বাহিনী। এই বাহিনী প্রধানদের মধ্যে অন্যতম হলো আক্তার ও সুমনের কথিত ভাই রতন। মূলত রতনই পরিচালনা করছেন আক্তার-সুমন গঠিত বিশাল বাহিনী। আর রতনের প্রধান সহযোগি হিসেবে রয়েছে রাসেল নামে এক যুবক।
এই বাহিনীতে রয়েছে কিশোর গ্যাংয়ের বড় একটি গ্রুপ। আক্তার-সুমনের আধিপত্ত বিস্তারের লক্ষ্যে তাদের আশ্রয়-পশ্রয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে গ্রুপটি। ফতুল্লার লালখাঁ এলাকায় অবস্থিত শীতলক্ষ্যার মাঠ এই গ্রুপের ঘাঁটি। এক সময় এই মাঠটি ছিলো আক্তার-সুমনের। এখানে মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়ে উঠে। পান থেকে চুন খশলেই দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় আক্তার ও সুমনের সেল্টারে চলা এই কিশোর অপরাধীরা।
অনুসন্ধানে জানা গেছে, কেবল অনুসারীরাই নয় বরং বিএনপি পরিবারের প্রভাবশালী এই দুই ভাই আক্তার ও সুমন মাদক কারবারের সাথে জড়িত। ইতিপূর্বে আক্তার সুমন দু’জনই মাদকের বড় চালান সহ গ্রেফতার হয়েছেন র্যাব-১১’র হাতে। জেলও খেটেছেন মাদক মামলায়। তবে, জেল থেকে বেড়িয়ে এখনও সুধরে যায়নি। স্থানীয়দের কাছে মদ্যপায়ি হিসেবে পরিচিত তারা।
সূত্র বলছে, র্যাবের হাতে বিদেশী মদ ও বিয়ারসহ আটক হওয়ার পর কিছুদিন নিশ্চুপ থাকলেও বর্তমানে ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার সাথে আতাঁত করে আক্তার ও সুমন এখন আওয়ামী লীগার হয়ে উঠেছে। ইতিমধ্যে আক্তার ও সুমনের প্রভাবে স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতাই কোনঠাসা হয়ে পড়েছেন। বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করে নিজেদের আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠেছে আক্তার ও সুমন।
রাজনৈতিক বোদ্ধাদের মতে, সুবিধা ভোগের আশায় বিএনপি থেকে আওয়ামী লীগের ব্যানারে নাম লেখালেও এমন ব্যক্তিরা খোদ আওয়ামী লীগের জন্য ভয়ঙ্কর। এদের চাপাচাপিতে কোণঠাসা হয় প্রকৃত আওয়ামী লীগাররা। আবার ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে এরাই আওয়ামী লীগ থেকে যোগ দেবেন বিএনপিতে। ফিরবেন পুরনো রুপে! পিঠ বাঁচাতে ক্ষনিকের জন্য আওয়ামী লীগে আসা এমন ব্যক্তিদের সংখ্যা নেহাত কম নয়!
স্থানীয় সূত্রে জানাগেছে, বিএনপির শাসন আমলে আক্তার ও সুমনের বাবা আলাউদ্দিন হাজীর প্রসিদ্ধ দুই ক্যাডার ছিলো ইবু ও রুবেল। সন্ত্রাসী কর্মকান্ডের কারনে তারা র্যাবের হাতে ক্রসফায়ারে নিহত হয়। হাজী আলাউদ্দিনের ক্যাডার বিএনপির নয়ন এখনো এলাকায় বহাল তবিয়তে রয়েছে। তাকে ব্যবহার করছে আক্তার ও সুমন। ঝুট সেক্টর নিয়ন্ত্রণ করতে মরিয়া দেখা যায় তাদের। বর্তমানে আওয়ামীলীগের দুই প্রভাবশালী নেতার আর্শিবাদে আওয়ামী লীগার বনে যায় আক্তার ও তার ছোট ভাই সুমন।
এদিকে এমনসব অভিযোগ অস্বীকার করে আক্তার হোসেন বলেন, ‘আমরা নিজেরা ব্যবসা করে চলি। আমাদের পুরো পরিবার ব্যবসায়ী, এসব অভিযোগ মিথ্যা। আমাদের ঝুট সেক্টর নিয়ন্ত্রণে নেয়ার প্রশ্নই উঠেনা। আমরা ব্যবসা করি। আমাদের কাছে সকলেই আসতে পারে, তাই বলেতো সব দল করা সম্ভব না।
আমাদের আধিপত্য বিস্তারের কারণে আওয়ামী লীগের নেতারা কোনঠাসা হবে তাও সঠিক নয়। তাছাড়া আমার বাবাকে নিয়ে যেসব অভিযোগ তাও মিথ্যা, তিনি ব্যবসায়ী। আমাদের কোন বাহিনী নেই। আমরা কাউকে সেল্টার দিই না।’
একই অভিযোগ প্রসঙ্গে জানতে আক্তারের ছোট ভাই সুমনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তাই তাঁর পক্ষ কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


