আড়াইহাজারে সাবরেজিস্টার কর্মকর্তার সাথে অশালীন আচরণ ও প্রভাব বিস্তারসহ বিভিন্ন অভিযোগে ছয় দলিল লিখককে শো-কজ করেছে জেলা রেজিস্টার নারায়ণগঞ্জ। ১৪ সেপ্টেম্বর জেলা রেজিষ্ট্রার মো: জিয়াউল হকের স্বাক্ষরিত একটি নোটিশে সাব-রেজিস্ট্রার অফিসের সহকারিকে অন্যত্র বদলি’র হুমকীসহ ১০টি বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ্য করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শো-কজ নোটিশের কোন জবাব দেয়া হয়নি বলে জানা গেছে।
অভিযুক্তরা হলেন, দলিল লিখক কাজল ঢালী সনদ-১৩৮, নুরুল আমীন সনদ- ৬৫, জাকারিয়া ইকবাল সনদ-৯২, আমান উল্লাহ আমান সনদ- ৪৬, সাজ্জাদ পারভেজ সনদ- ৯৯ ও বাপ্পি মোল্লা সনদ- ১২৭। এরা সবাই ক্ষমতাসীন দলের সমর্থক বলে স্থানীয়রা জানান।
স্মারক নং- ৫৫৬ (৬) নোটিশে উল্লেখ করা হয়, ২৬ আগস্ট একটি অনলাইন পোর্টালের প্রতিবেদন ও কর্মকর্তার টেলিফোনিক তথ্যের উপর ভিত্তি করে ২৭ আগস্ট সরেজমিনে তদন্ত ও কর্মকর্তা-কর্মচারী, দলিল লিখক ও অন্যান্যদের নিকট থেকে পাওয়া তথ্যে পাওয়া নিম্নলিখিত ১০টি কারন উল্লেখ করা হয়।
১) কর্মকর্তার সহিত অশালীন আচরণ, ২) সর্বশেষ খতিয়ান ও খাজনা রশিদ ব্যতিত দলিল করার অনুরোধ ও মানসিক চাপ প্রয়োগ, ৩) দলবদ্ধ হয়ে বিনা কারণে অফিসে অবস্থান করে নিয়মিত দাপ্তরিক কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি, ৪) যথাযথ ফিস ও পে-অর্ডার ব্যতিত দলিল দাখিল, ৫) কর্মচারীদের সহিত অশোভন আচরণ ও হুমকী প্রদান, ৬) অফিসে উচ্চ-স্বরে কথাবার্তা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে কাজের পরিবেশ নষ্ট করা, ৭) অবৈধ দাবী মানার জন্য তাদের সাথে বৈঠকে বসতে বাধ্য করার চাপ প্রয়োগ, ৮) সহকারিকে অন্যত্র বদলি করার হুমকী প্রদান, ৯) দলিলের সিরিয়াল না মেনে তাদের দলিল আগে রেজিষ্ট্রি করার অন্যায় আবদার ও ১০) অপ্রয়োজনে দল বেঁেধ এজলাসের সামনে গল্প-গুজব করা।
তাদের বিরুদ্ধে দলিল লেখক সনদের বিধিমালা ২০১৪ এর বিধি ১২ অনুযায়ী কেন আইনগত ব্যবস্থা নেয়া হবেনা তার কৈফিয়ত তলবসহ অনতিবিলম্বে তাদেরকে নোটিশের জবাব সংশ্লিষ্ট সাব রেজিস্টারের মাধ্যমে জেলা রেজিস্টারের কাছে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।


