ফেসবুকে বন্ধুত্ব, বেড়াতে এসে যুবক বলাৎকার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২০, ১০:৫৬ পিএম
সোনারগাঁয়ে ফেসবুকে বন্ধুত্ব থেকে বন্ধুর বাসায় বেড়াতে এসে চেতনানাশক খাইয়ে বলাৎকার করার অভিযোগে রানা তালুকদার নামে এক যুবককে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রানা তালুকদারকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার (৫ অক্টোবর) বিকেলে কাঁচপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বলাৎকারের শিকার অসুস্থ সাইফুল ইসলামকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাইফুল ইসলামের মা সুফিয়া বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।
এজহারের বাদী সুফিয়া বেগম জানান,উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাচানি শহিদ নগর গ্রামের সিরাজ মিয়ার ছেলে সাইফুল ইসলামের সঙ্গে বন্দর উপজেলার হাবিব মিয়ার মেসের ভাড়াটিয়া ও হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার শহিদনগর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে রানা তালুকদারের সঙ্গে ফেসবুকে তাদের বন্ধুত্ব হয়।
গত রোববার সন্ধ্যায় রানা তালুকদার সাইফুল ইসলামের বাড়িতে বেড়াতে আসেন। সন্ধ্যার দিকে সাইফুল ইসলামের মা সুফিয়া বেগম তাদের বাড়িতে রেখে ফ্রেশ কোম্পানিতে রাত্রিকালীন ডিউটি করার জন্য চলে যান। এ সুযোগে জুসের সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে বলাৎকার করেন রানা তালুকদার। পরে নগদ ৫ হাজার টাকা, মোবাইল সেট ও বেলেন্ডার মেশিন নিয়ে পালিয়ে যান।
পরদিন সকালে সাইফুলের মা বাড়িতে এসে অচেতন অবস্থায় তার ছেলেকে খাটের উপর পড়ে থাকতে দেখে ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পাওয়ায় চিৎকার শুরু করলে আশপাশের লোকজন সাইফুলকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সুস্থ হওয়ার পর ঘটনা জানতে পেরে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। মামলার পর পুলিশ কৌশল অবলম্বন করে কাঁচপুর এলাকা থেকে রানা তালুকদারকে গ্রেফতার করে।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বলাৎকারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবককে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে


