আবারও অশান্ত হয়ে উঠেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন। সাংসদ শামীম ওসমান অনুসারি দুই গ্রুপের মধ্যে গেল কিছুদিন ধরে চরম উত্তেজনা বিরাজ করছে।
সর্বশেষ মঙ্গলবার স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হাওলাদারের একটি বক্তব্যকে কেন্দ্র এই উত্তেজনা আরও চরম আকার ধারণ করেছে। ফলে আশঙ্কা করা হচ্ছে, আলাউদ্দিন হাওলাদার গ্রুপের সঙ্গে মীরু ও খালেক গ্রুপের মধ্যে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে।
সূত্র বলছে, কুতুবপুরে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন সাংসদ শামীম ওসমান অনুসারি আলাউদ্দিন হাওলাদার ও এএফএম খোকন এবং যুবলীগ নেতা আব্দুল খালেক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর হোসেন মীরু গ্রুপ।
এ নিয়ে এক গ্রুপ অপর গ্রুপকে প্রায় সময় ঘায়েল করার চেষ্টা চালিয়ে আসছিল। এছাড়াও উভয় গ্রুপের মধ্যে প্রায় সময় মারামারির ঘটনাও ঘটেছে ইতোপূর্বে। সম্প্রতি দুই গ্রুপ আবারও মুখোমুখি অবস্থানে চলে আসে কবরস্থানের উপর মার্কেট নির্মাণকে ইস্যু করে।
যার প্রতিবাদে খালেক ও মীরু বাহিনীর পক্ষ থেকে মানববন্ধন করা হয়। সেখান থেকে আলাউদ্দিন হাওলাদারের পদত্যাগ দাবিসহ তার বিরুদ্ধে নানা ধরণের বক্তব্য দেয়া হয়।
পরবর্তীতে গত মঙ্গলবার আলাউদ্দিন হাওলাদার গ্রুপ প্রতিবাদ সমাবেশ করে। এখান থেকে তিনি বক্তব্যকালে খালেক ও মীরুকে দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবেও আখ্যায়িত করেন। যা নিয়ে এখন চরম উত্তেজনা বিরাজ করছে কুতুবপুরে।
এদিকে স্থানীয়রা বলছেন, দুই গ্রুপের মধ্যে উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। যে কোনো সময় তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটতে পারে।
এরমধ্যে গতকাল মীর হোসেন মীরু বাহিনী আলাউদ্দিন হাওলাদার গ্রুপের একজনকে মারধর করেছে বলেও অভিযোগ উঠেছে। আশঙ্কা করা হচ্ছে এই উত্তেজনার রেশ ধরে কুতুবপুরে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটতে পারে। যদিও আলাউদ্দিন হাওলাদার বলছেন, খোদ শামীম ওসমান হস্তক্ষেপ করলে এই সঙ্কট দূর হতে পারে। নয়তো এখানে লাশও পড়তে পারে।
তিনি বলেন, “এখানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা মিমাংসা করার দায়িত্ব দেওয়া হয়েছে শাহ নিজামকে। তিনি যদি একাবার নিষেধ করেন তাহলে এখানে কারো কোনো ক্ষমতা নেই কিছু করার।”
তাহলে কি শাহ নিজাম নিষেধ করছেন না, এমন প্রশ্ন করলে বিষয়টা এড়িয়ে গিয়ে আলাউদ্দিন বলেন, “শাহ নিজাম বলেছেন তিনি নাকি মীরুকে ফোনে পাচ্ছেন না।”
এছাড়াও তিনি দাবি করেন, “সেদিন তারা মানববন্ধন করেছে। সেখানে কিছু কঙ্কাল নিয়ে এসেছে। এগুলো কোন কবর থেকে কার লাশ থেকে নিয়ে আসলো নাকি কাউকে খুন করে সেই কঙ্কাল নিয়ে আসছে তা খুঁজে বের করার দায়িত্ব এখন পুলিশের।
তারা দুর্ধর্ষ সন্ত্রাসী। দল তাদেরকে কেন রেখেছে জানি না। এই বিষয়গুলো এমপি সাহেব সব জানে। তিনি এই সমস্যা সমাধানের জন্য শাহ নিজামকে দায়িত্ব দিয়েছেন। তবে, সমস্যা সমাধান না হলে এবং তারা যদি মারামারি করতে চায় আমরাও পাল্টা জবাব দেব।”
অন্যদিকে আলাউদ্দিন হাওলাদারকে আওয়ামী লীগের অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করে যুবলীগ নেতা আব্দুল খালেক মুন্সি বলেন, “তার জন্য আমাদের দলের বদনাম হচ্ছে। সে এমন কোনো অপকর্ম নেই যা করে না।
তার একটা ছেলে হেরোইন খায় আবার বিক্রিও করে। শামীম ভাই, আমাদের নেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করতেছে তা এর মানুষের জন্য সব নষ্ট হচ্ছে। সে চরিত্রগত দিক দিয়েও ভালো না।
তার আপন ভাগিনার বউকে শুদ্ধ বিয়ে করেছে। কতটা অমানুষ সে তা কুতুবপুরের মানুষ জানে। দুই হাজার দুই সাল পর্যন্ত সে বিএনপি করছে। সেন্টুর লোক ছিল। মামুন ওদের মাইর খাইয়া আমাদের হাতে পায়ে ধইরা আওয়ামী লীগে আসছে।”
তিনি আরও বলেন, “মানুষের একটা আমলনামা থাকে। মরার পর সেগুলো ফেরশাতারা রাখে। আর এই দুনিয়ায় মানুষের আমলনামা পাওয়া যায় থানায়। আলাউদ্দিন হাওলাদারের আমলনামাও জানতে পারবেন থানা থেকে।
এলাকার মানুষ থেকে। কঙ্কালগুলো কবর থেকে তুলে কোরবানির গুরুর হাড্ডির মত এক জায়গায় নিয়া স্তুপ করে রাখছে। সে যদি বলে কাউরে খুন করে এই কঙ্কার নিয়া আসছি তা সে প্রমাণ করুক। তার মত কুকুর.. কথায় কিছু আসে যায় না। তারে নিয়া কথা বলতেও ঘৃণা করে।”


