ফতুল্লা মডেল থানা সার্ভিস সেন্টারে পরিনত হয়েছে : মোস্তফা কামাল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১১:০৭ পিএম
ফতুল্লা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেছেন, ‘ফতুল্লা মডেল থানা এখন শুধু থানাই নয়, সার্ভিস সেন্টারে পরিনত হয়েছে। ফতুল্লায় ১২ হাজার ওয়ারেন্ট আসামির তালিকা দেওয়া হয়েছিলো। এখন সকলের সহযোগিতায় এবং পুলিশের কঠিন অভিযানের ফলে সেই ১২ হাজারের সংখ্যা ৪ হাজারে নেমে এসেছে।’
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লা মডেল থানায় অনুষ্ঠিত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেনের সভাপতিত্বে ও ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী।
আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মীর মোজাম্মেল আলী, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, বিকেএমইএ সহ-সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, সাধারণ সম্পাদক কাজী আনিছুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


