ফতুল্লার বিভিন্ন এলাকায় তিতাসের সার্ভিস পাইপ লিকেজ থেকে গ্যাস বেরিয়ে আসছে। এছাড়াও স্থানীয় পর্যায়ের এক অনুসন্ধানে জানা গেছে, প্রায় ২০ শতাংশ রাইজারে লিকেজ রয়েছে। লিকেজ রাইজারগুলো থেকে তীব্র গতিতে গ্যাস বেড়িয়ে আসছে। এতে করে আকষ্মিক দূর্ঘটনার চাঁপা আতঙ্ক নিয়েই দিনাতিপাত করছে ফতুল্লাবাসী। বিশেষ করে গ্যাস লিকেজ থেকে ফতুল্লা থানাধীন পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ও ৩১ জনের প্রাণহানীর পর এই ভীতি বেড়েছে বহুগুণে।
স্থানীয়দের অভিযোগ, তিতাস গ্যাস অফিসের অবহেলা রয়েছে অঞ্চলটিতে। বিভিন্ সড়কের নিচ নিয়ে যাওয়া তিতাসের সার্ভিস গ্যাস পাইপ গুলো লিকেজ হয়ে সেখান থেকে গ্যাসের বুদবুদ সৃষ্টি হচ্ছে। বাসা বাড়ির গ্যাস রাইজার থেকে শব্দসহ তীব্র গতিতে গ্যাস বেড়িয়ে আসে। রাইজারের পাইপগুলো মরিচিকায় পরিপূর্ন। এভাবে গ্যাস লিকেজ হওয়ায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, ফতুল্লার দক্ষিন সেহাচর, লালখা, রামারবাগ, কাঠেরপুল, কোতালেরবাগ, লামাপাড়া, ইউনিকম টেক্সটাইল মোড়, তক্কারমাঠ, পিলকুনী, দাপা ইদ্রাকপুর, জোড়পুল ও খোঁজপাড়া সহ আশপাশের বেশ কিছু এলাকায় তিতাসের গ্যাস পাইপ ও রাইজার লিকেজ থেকে তীব্র গতিতে গ্যাস বেরিয়ে আসছে। বিভিন্ন সড়ক এখন আরসিসি ঢালাইয়ে রূপান্তর হওয়ায় গ্যাস পাইপ লিকেজ থাকলেও গ্যাসের বুদবুদ চোখে পড়ছে না। তবে, ছুটির দিনে মিল ফ্যাক্টরী বন্ধ হলে সার্ভিস লাইনে গ্যাসের চাপ বেড়ে যায় এবং তা আরসিসি ঢালাইয়ের রাস্তা গলে বের হতে না পারলেও ঘনত্ব কম থাকা মাটির নিচ দিয়ে আশপাশের ড্রেনে বা কর্দমাক্ত স্থানে বুদবুদ আকারে বেড়িয়ে আসে। ফলে প্রায় সময় বিভিন্ন স্থানে পথচারীদের জ্বলন্ত সিগারেট ফেলার কারণে আগুন জ্বলে উঠে।
এমনই এক ঘটনা ঘটেছিল ফতুল্লার দক্ষিন সেহাচর এলাকায়। চলতি বছরের গত ২৫ মে ঈদুল ফিতরের রাত প্রায় ১২টার দিকে ওই এলাকার জনৈক হাসেম এর দোকান ও বসত বাড়ির সামনে গ্যাস পাইপ লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গ্যাস পাইপটি মূলত আরসিসি ঢালাই রাস্তার নিচে থাকলেও সেখান দিয়ে লিকেজ পাইপ থেকে গ্যাস বের হতে না পেরে রাস্তার পার্শ্ববর্তী ড্রেন দিয়ে তীব্র বুদবুদ আকারে গ্যাস বেরিয়ে আসে। ঈদের রাত প্রায় ১২টার দিকে অজ্ঞাতনামা পথচারী জ্বলন্ত সিগারেটের আগুন ড্রেনে ফেলার সাথে সাথে ড্রেনেই আগুন জ্বলে উঠে। একপর্যায়ে ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় দৈনিক যুগের চিন্তায় সংবাদ প্রকাশের পর তিতাস কর্তৃপক্ষ অস্থায়ী ভাবে পাইপটি সংস্কার করে দেন।
গত ঈদুলের আযহার সময় পূর্ব সেহাচর এলাকার সুজন নামে এক ব্যক্তির বাসার গ্যাস রাইজার লিকেজ হয়ে গ্যাস বেড়িয়ে আসে। সেখানে আগুণের সূত্রপাতও ঘটে। যদিও বড় কোন দূর্ঘটনার পূর্বেই তা সংস্কার করা হয়েছিল।
ফতুল্লার শাহজাহান রোলিং মিল্স ইয়াদ আলী মসজিদ সংলগ্ন রোমানের মুদি দোকানের পার্শ্ববর্তী গলিতে মাটির নিচে গ্যাস পাইপ অবস্থিত। দীর্ঘদিন ধরে সেখানেও গ্যাসের বুদবুদ দেখা যাচ্ছে। এছাড়াই উকিলবাড়ির মাঠ এলাকাতেও একই অবস্থা। বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে দেখা যায়, মাঠের বেশকিছু অংশ জুড়ে গ্যাসের বুদবুদ বের হয়।
স্থানীয়রা বলছেন, এমন ঘটনা গোটা ফতুল্লা জুড়েই। এরপরও তিতাস কর্তৃপক্ষ তা মনিটরিং করছেন না। নিচ্ছেন না কোন ব্যবস্থাও।
ফতুল্লার সেহাচর এলাকার বাসীন্দা মোঃ রুহুল আমিন দৈনিক যুগের চিন্তাকে বলেন, ‘আমাদের পাশের বাড়ির গ্যাস রাইজার থেকে গ্যাস লিকেজ হয়। বিভিন্ন কারণে আশপাশের মিল ফ্যাক্টারী বন্ধ থাকলে গ্যাস লিকেজের গতি আরো বেড়ে যায়। গ্যাসের গন্ধ ছড়িয়ে পরে। যেকোন সময়ে এখানে আগুন লেগে যেতে পারে। শুধু এখানেই নয়, আশপাশে যেখানেই চলাফেরা করি, সেখানেই রাইজার থেকে গ্যাস বেড়িয়ে আসার শব্দ এবং গন্ধ দুটোই পাই। এতোদিন যেমন-তেমন, তল্লার মসজিদে গ্যাস বিস্ফোরণের পর আতঙ্ক বেড়ে গেছে। তাই আবারো কোন দূর্ঘটনা এবং প্রাণহানী ঘটার পূর্বেই যেন তিতাস কর্তৃপক্ষ এসব দিকে নজর দেয় এবং তা সংস্কারে এগিয়ে আসে, সেই আহবান জানাচ্ছি।’
শাহীন নামে স্থানীয় এক টেকনিশিয়ান দৈনিক যুগের চিন্তাকে বলেন, ‘আমাদের এলাকার বিভিন্ন অংশে গ্যাস পাইপ লিকেজ আছে। বর্তমানে বেশ কিছু সড়ক আরসিসি ঢালাইয়ে রূপান্তর হওয়ায় বুদবুদ গুলো চোখে পড়ছে না। তবে, মাটির ঘনত্ব কম থাকলে পৃথক স্থান দিয়ে গ্যাস বেড়িয়ে আসার সম্ভাবনা রয়েছে। জলাবদ্ধতা ছাড়া তা চোখে দেখার উপায় নেই।’
তিনি বলেন, ‘এলাকার বিভিন্ন রাইজার গুলোও লিকেজ আছে। শুধু সেহাচর এলাকাতেই অন্তত ২০ শতাংশ গ্যাস রাইজারে সমস্যা রয়েছে। সেখান থেকে গ্যাস বেড়িয়ে আসে।’
গত কিছুদিন পূর্বে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিঃ নারায়ণগঞ্জ জেলার ডেপুটি জেনারেল ম্যানেজার মফিজুল ইসলাম যুগের চিন্তাকে বলেছিলেন, ‘সুনির্দিষ্ট লোকেশন এবং আবেদন করা হলে সংস্কারের জন্য ব্যবস্থা নেব।’ তবে, গতকাল সোমবার ডেপুটি জেনারেল ম্যানেজার মফিজুল ইসলামের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


