Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৪ পিএম

সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
Swapno

সিদ্ধিরগঞ্জে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযানে নেমেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যান্ত সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় অভিযান চালায় তিতাস।

এ সময় প্রায় দুইশ’ ফুট অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ সংযোগগুলোর পাইপগুলোও সরিয়ে নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ফতুল্লা জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী রবিউল ইসলাম, মিটারিং এন্ড বিজিল্যান্স বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী গোলাম মোস্তফা, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন (টিএন্ডডি) কোম্পানির নারায়ণগঞ্জ জোনাল অফিসের উপ ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, সহ-প্রকোশলী নাজমুল ইসলাম, উপ-সহ প্রকোশলী মোঃ গিয়াস উদ্দিন। অভিযানে তিতাসকে সহযোগিতা করে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিনের নেতৃত্বে একটি দল।


তবে এই অভিযানে বাড়ির মালিক বা অবৈধ সংযোগ প্রদানকারী কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফতুল্লা জোনাল অফিসের ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে গ্যাসের পাইপ লাইনে একটি লিকেজও পাওয়া গেছে। সেটি মেরামত করা হচ্ছে। তবে এ বিষয়ে এলাকাবাসী তিতাস কর্তৃপক্ষকে অবহিত করেনি বলে দাবি করেন তিতাসের এই কর্মকর্তা।

কোন এলাকায় গ্যাসের পাইপ লাইনে লিকেজ পাওয়া গেলে সাথে সাথে তিতাস কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দিয়ে তিনি বলেন, লিকেজের অভিযোগ পেলে তাৎক্ষণিক মেরামতের উদ্যোগ গ্রহণসহ পর্যায়ক্রমে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।


অবৈধ সংযোগ গ্রহণকারীদের বিষয়ে কি পদক্ষেপ নিবেন জানতে চাওয়া হলে তিনি জানান, যেসব বাড়ির মালিক এই অবৈধ সংযোগ নিয়েছে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করবো। যারা সংযোগটি দিয়েছে তাদেরকে আমরা এখনো শনাক্ত করতে পারিনি। তবে তাদের বিষয়েও আমরা খোঁজ নিচ্ছি।


র‌্যাব-১১’র সহকারি পুলিশ সুপার মোঃ সম্রাট তালুকদার বলেন, র‌্যাব এর আগেও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে বিভিন্ন অভিযান পরিচালনা করেছে। তিতাসের পাশাপাশি আমরাও অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান নিয়মিত পরিচালনা করবো।


প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজ চলাকালীন বিস্ফোরণে ৩১ জন মুসুল্লি প্রাণ হারান। আহত হন আরও ১১ জন। তিতাসের একটি গ্যাস লাইনের লিকেজ থেকে মসজিদে অভ্যন্তরে জমা হওয়া গ্যাসে এ বিস্ফোরণ হয়।

ভয়াবহ এই দুর্ঘটনার পর তিতাস গ্যাসের অবৈধ সংযোগের বিষয়টি সামনে আবারও সামনে আসে। পুরো জেলায় তিতাসের বিপুল পরিমাণের অবৈধ সংযোগ রয়েছে। সংযোগগুলো বিচ্ছিন্নের জোরালো দাবি ওঠে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন