কবর নিয়ে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৬:২৩ পিএম
কুতুবপুরের শাহী মহল্লা কবরস্থানের উপর মার্কেট নির্মাণ করাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা চলছে। একদিকে কবরস্থান ও মসজিদ কমিটির সভাপতিকুতুবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও আ’লীগ নেতা আলাউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক হুমায়ুন কবির ও কোষাধ্যক্ষ আওয়ামী লীগ নেতা ইউনুস দেওয়ান।
অপরদিকে রয়েছে কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খালেক, স্বেচ্ছাসেবকলীগ নেতা মীর হোসেন মীরুসহ বেশ কয়েকজন। উভয় পক্ষই সাংসদ শামীম ওসমানের লোক বলে এলাকায় পরিচিতি রয়েছে। কবরস্থানের উপর মার্কেট নির্মাণ করাকে কেন্দ্র করে শনিবার এলাকাবাসী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও স্থানীয় আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন হাওলাদার একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে। ছাগল চুরির অভিযোগে দুই যুবককে মধ্য যুগীয় কায়দায় নির্যাতন, করোনাকালীন সময়ে ত্রাণ দিয়ে ভুক্তভোগী মানুষকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়াসহ নানা রকম অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবার আলাউদ্দিন হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কবরস্থানের উপর মার্কেট নির্মাণ করার। ইতিমধ্যে ১৪টি দোকানের পজিশনও বিক্রি করা হয়েছে।
এলাকাবাসী জানায়,বেশ কয়েক মাস আগে শাহী মহল্লা মসজিদের নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করে মসজিদ কমিটি। এলাকাবাসী এতে অনেকটা খুশিও হয়েছিলেন। বেশ কয়েক বছর আগে সাংসদ শামীম ওসমান কবরস্থানের জন্য জমি ক্রয় করতে কমিটির হাতে বেশ কয়েক বছর আগে আর্থিক অনুদানও দিয়েছেন।
সম্প্রতি মসজিদ নির্মাণ করার জন্য ১০ হাজার কবরের উপর মার্কেট নির্মাণ করার জন্য আলাউদ্দিন হাওলাদার ও বর্তমান কমিটির বেশ কয়েকজন জোরে সোরে কাজ শুরু করেন। ইতিমধ্যে ১৪ টি দোকানের পজিশনও বিক্রি করেছে কমিটি। কবরস্থানের উপর মার্কেট নির্মাণের প্রতিবাদ শুরু হয় কয়েকদিন আগে থেকে।
আর এ নিয়ে আলাউদ্দিন হাওলাদার বিরোধী জোটে শামিল হন সাংসদ শামীম ওসমান বলয়ের শিকদার মাহবুবুর রহমান হক্কা,কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক,স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু, আওয়ামীলীগ নেতা রোকউদ্দিন মেম্বার,আওয়ামীলীগ নেতা ডা.রফিকুল ইসলাম ও ইউনুস দেওয়ান, চৌদ্ধ পঞ্চায়েতের সভাপতি মোজাফফ্ফর সিং।
অপরদিকে কবরস্থানের উপর মসজিদ নির্মাণের পক্ষে আলাউদ্দিন হাওলাদারের পক্ষে মাঠে কাজ করছেন মজসিদ কমিটির সাধারণ সম্পাদক জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক হুময়ুন কবীর,জেলা যুবলীগের সদস্য এমও এফ খোকন,এবিএম আনোয়ার,নুরুল হক প্রমুখ।
এলাকাবাসী আরো জানান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে আলাউদ্দিন হাওলাদার। গত বছরের ৩১ ডিসেম্বর আলাউদ্দিন হাওলাদার ছাগল চুরির অভিযোগে দুই যুবককে তার ব্যাক্তিগত অফিসে নিয়ে গিয়ে মধ্য যুগীয় কায়দার মারপিট করে। মারপিটের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় আলাউদ্দিন হাওলাদারের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। খালেক,মীরুসহ দুই পক্ষই শামীম ওসমানের কাছের মানুষ হিসিবে পরিচিত। দুই পক্ষ যেভাবে কবরস্থানের উপর মার্কেট নির্মাণ করার ব্যাপারে সোচ্চার এতে করে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে।
উল্লেখ্য, কুতুবপুরের আতংক মীর হোসেন মীরুর বিরুদ্ধে ফতুল্লা থানায় ৪টি হত্যা মামলাসহ ১৯ টি মামলা রয়েছে এছাড়া চাঁদাবাজী মামলায় গ্রেফতার হয়েছিল সে। এসপি হারুনের সময়কালে মীরু এলাকা ছেড়ে অন্যত্র গা ঢাকা দিয়েছিলেন। শীর্ষ সন্ত্রাসী তোফাজ্জলের হাত ধরেই মুলত মীরুর সন্ত্রাসী জগতে আগমন। ২০০৯ সালে দুর্বৃত্তদের গুলিতে দল নেতা তোফাজ্জল খুন হওয়ার পর তার শুন্যস্থান দখলে নেয় মীরু। ফতুল্লা পুলিশের সন্ত্রাসী তালিকায় সে ১০ নং আসামী।
২০০৯ সালে সন্ত্রাসী তোফাজ্জলের মৃত্যুর পর এলাকার আধিপত্য বজায় রাখতে মুখোমুখি মীরু ও সজল বাবুর্চি বাহিনী। চলে তুমুল গোলাগুলি। এই গোলাগুলি চলাকালে একটা সময় বাবুর্চি বাহিনীর আক্রমণে পিছু হটতে শুরু করে মীরু বাহিনী। দলবল নিয়ে গুলি করতে করতে পালিয়ে যাওয়ার সময় নিজ পিস্তলের গুলিতেই সে আহত হয়ে পরে পুঙ্গত্ববরণ করে। সে ঘটনার পর থেকে সজল বাবুর্চির আর কোনো খোঁজ মেলেনি।
২০১৯ সালের ২১ জানুয়ারি গ্রেফতার হওয়ার আগে মীর হোসেন মীরুকে ২০১৬ সালের ৮ অক্টোবর গ্রেফতার করেছিলো ফতুল্লা মডেল থানা পুলিশ। ওই বছর ৭ অক্টোবর রাতে পাগলা রেলস্টেশন এলাকায় ৪ যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে আহত ও গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করার ঘটনায় দায়ের করা মামলা তাকে গ্রেফতার করা হয়।
একই বছরের ৩ মার্চে মীরু বাহিনীর এক সদস্য হত্যা মামলার আসামীকে গ্রেফতার করে বিপাকে পড়েছিলো ফতুল্লা থানা পুলিশ। এদিন মীরু বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা চালিয়ে সেই সন্ত্রাসীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
একই বছর ১০ ফেব্রুয়ারি শাহী বাজার এলাকায় ডিস ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষ হলে ডিস ক্যাবল কর্মচারী শাজাহান নামে একজনকে প্রকাশ্যেই কুপিয়ে হত্যা করে মীরু বাহিনী। এ সংঘর্ষে আরও ৬ জনকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহতও করে তারা। এ ঘটনায় মীরুকে প্রধান আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা হয়।
একই বছর ৫ জানুয়ারি মীরু বাহিনীর ৩ সন্ত্রাসীকে অস্ত্র, গুলি ও এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনা পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানা অস্ত্র ও মাদক আইনে দুটি এবং সালাউদ্দিন হাওলাদার নামে এক ব্যবসায়ী চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনে আরও একটি মামলা করে।
২০১২ সালের ৩ নভেম্বর রাতে নিজ বাসা থেকে মীরু এবং তার সহযোগী ইকবালকে ৫ রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল ও ১৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করে র্যাব-১০। এঘটনায় ফতুল্লা মডেল থানায় মীরুর বিরুদ্ধে দুইটি মামলা হয়।
২০১৩ সালের ১৪ অক্টোবর এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মীরু ও তার ক্যাডাররা ভাঙ্গাপুল এলাকায় গিয়ে জাকের পার্টি নেতা হোসেনের বাড়ির সামনে বোমার বিস্ফোরণ ঘটায় ও গুলি করে আতঙ্ক সৃষ্টি করে।
২০১৪ সালে মীরুর বিরুদ্ধে মিছিলে অংশ নেয়ার অপরাধে এই বছরের ২৮ এপ্রিল রাতে স্থানীয় দুই সহোদর আব্দুর রহমান ও সজলকে শাহী বাজার এলাকার একটি দোকান থেকে তুলে নিয়ে যায় মীরু বাহিনী। পরে তাদের এলোপাথাড়ি কুপিয়ে আশঙ্কাজনক অবস্থায় সড়কের পাশে ফেলে রেখে যায়।
এঘটনায় মামলা হলে মামলাটি তুলে নিতে মীরু তার শ্যালক আরিফ, শরিফ ও রিয়াজ, রাজিবসহ ১৫-২০ জনের একটি দল ওই বছরের ১২ মে রাত ১২টায় আব্দুর রহমান ও সজলদের বাড়িতে বোমা হামলা চালায় এ ঘটনায় ফতুল্লা থানায় আরও একটি মামলা দায়ের হয় মীরু ও তার বাহিনীর বিরুদ্ধে।
২০১৫ সালের ১০ জুন নূরুল হককে নামে এক ব্যবসায়ীকে তার মায়ের সামনেই পিটিয়ে হত্যা করে এই সন্ত্রাসী বাহিনী। ফতুল্লা মডেল থানায় মীরুর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়। একই বছরের ১৯ মার্চ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগে এক ব্যবসায়ী সন্ত্রাসী মীরুসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। এর দু’দিন আগে এক এএসসি পরীক্ষার্থীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এলাকাবাসীর উপর হামলা চালায় মীরু বাহিনী।
এ হামলায় ২০ জন নিরীহ এলাকাবাসী আহত হয়। তবে মীর হোসেন মীরুর দাবী, তার বিরুদ্ধে যোত মামলা হয়েছে তা রাজনৈতিক প্রতিপক্ষ তাকে ঘায়েল করতেই সেগুলো করেছে। তিনি কোনো সন্ত্রাসী কর্মকান্ডতো দূরের কথা সন্ত্রাসীদের কোনো ধরনের প্রশ্রয় তিনি দেন না। যে কবরস্থানের উপর মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে আলাউদ্দিন হাওলাদার ও তার লোকজন তার বিরুদ্ধে এলাকাবাসী সোচ্চার। ১০ হাজার কবরের উপর এই মার্কেট নির্মাণ কোনো মানুষই মেনে নিতে পারে না।
অপরদিকে,ফতুল্লার কুতুবপুরে যুবলীগের খালেক কবরীর জার্সি বদল করে এখন ভিড়িয়ে শামীম ওসমানের দলে। নিজের আখের গোচ্ছাতে দলীয় পদবী ব্যবহার করে নানা অপকর্ম সংঘটিত করেছে খালেক তার ভাই মালেক এবং তাদের বাহিনী। এই সন্ত্রাসীর হাত থেকে রক্ষা পেতে স্থানীয় জনগন স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও লিখিত অভিযোগ করেছিল।
স্থানীয়দের অভিযোগ চাদাঁবাজী, মাদক ব্যবসায় শেল্টার, ভূমিদস্যুতাসহ সকল ধরনের অপরাধ সংঘটিত করছে প্রায় ডজন খানেক মামলার আসামী, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আঃ খালেক, তার ভাই মালেক এবং তাদের বাহিনী।
এলাকাবাসীর সূত্রে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবর দায়ের করা অভিযোগ পত্রের সূত্রে জানা গেছে, ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের আব্দুল খালেক তার ভাই মালেক, সহযোগী আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, নুর ইসলাম, ষ্টিল আনোয়ার, আব্দুর রব, বাদশা, সুমনসহ উল্লেখিত সন্ত্রাসীদের হাতে জিম্মী পুরো কুতুবপুরবাসী। সুত্রে উল্লেখ্য করা হয়েছে প্রত্যেক সন্ত্রাসীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এছাড়াও কুতুবপুরে সংঘটিত কবীর হত্যা, স্বপন হত্যা, ভূট্রো হত্যা, বাবুল হত্যাসহ চাদাঁবাজী, ডাকাতি, ছিনতাই মামলা রয়েছে ফতুল্লা, শ্যামপুর, ডেমড়া থানাসহ দেশের বিভিন্ন থানায়। কুতুবপুরে যুবলীগের সাধারন সম্পাদক খালেকের বিরুদ্ধে ফতুল্লা, শ্যামপুর, ডেমড়া থানায় রয়েছে প্রায় এক ডজন খানেক মামলা।
ফতুল্লা থানার মামলার মধ্যে মামলা নং ৩ (৯) ৯৫, ২৬ (১) ৯৫, ২৩ (৩) ৯৫, ১৯ (২) ৯৫, ৪৪ (৮) ০৪, ২০ (১০) ৯৮, ৩৩ (৪) ৯৯,শ্যামপুর থানার মামলা ২৪ (১) ৯৯, ১৪০ (১২) ৯৭, ফতুল্লা থানার মামলা ৩৬ (১০) ০১, ডেমড়া থানার মামলা নং ৩৯ (১০) ৯৮, ৯৯ (১০) ৯৯ এসব মামলা উল্লেখ্য করা হয়েছে।
এছাড়াও মাদক ব্যবসা পরিচালনা, অবৈধ অস্ত্রের ব্যবসা এবং অবৈধ অস্ত্র ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে খালেকের ভাই মালেকের বিরুদ্ধে। সুত্রের অভিযোগে জানা গেছে, বিগত বিএনপি-জামাত জোট সরকারের আমলে খালেকের ভাই মালেক তার কাছে রক্ষিত বিভিন্ন অবৈধ অস্ত্র ঢাকার বিভিন্ন পেশাদার সন্ত্রাসী ও কিলারদের কাছে টাকার বিনিময় ভাড়া দিত বলে অভিযোগ পাওয়া গেছে।
কুতুবপুরের মূর্তিমান সন্ত্রাসী আঃ খালেক ও তার ভাই মালেক এবং তাদের বাহিনীর অপকর্মের সংবাদ প্রকাশিত হওয়ার পর এই চক্রের হাতে শিকার কুতুবপুরের অনেক বাসিন্দা এখন মুখ খুলতে শুরু করেছে। তাদের সুত্রে জানা গেছে বিগত ওয়ান ইলেভেন সরকারের পর সংসদ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ ও তাদের জোট আসীন হওয়ার পর থেকেই কুতুবপুর জুড়ে অপরাধের রাজত্ব কায়েম করতে শুরু করেন যুবলীগ নেতা আঃ খালেক, তার ভাই মালেক ও তাদের বাহিনীর লোকজন।
কুতুবপুরের বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা জানান,কবরীর সময়ে খালেক, তার ভাই মালেক,আলাউদ্দীন হাওলাদার গংয়ের অপকর্ম এতোটাই বেপরোয়া ছিলো যে, তাদের নানা অপকর্মের প্রতিবাদ করলে সেই অঞ্চলের আওয়ামী পরিবার হিসাবে পরিচিতরা ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছে তাদের মাধ্যমে।
স্থানীয়দের অভিমত বিগত আওয়ামী সরকারের আমলে সন্ত্রাসী আঃ খালেক, তার ভাই মালেক এবং তাদের বাহিনী তৎকালীন এমপি কবরীর শেল্টারে নানা অপকর্ম করে যাওয়ার পরও কেন তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তবে সন্ত্রাসী কর্মকান্ডের যে অভিযোগ খালেকের বিরুদ্ধে তা তিনি বরাবরের মতোই অসত্য বলে দাবী করেছে।
একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পেরে তার বিরুদ্ধে প্রায় মিথ্যা ও অসত্য অভিযোগ করে থাকেন বলেও তিনি দাবী করেন। তাছাড়া কবরস্থানের উপর মার্কেট নির্মাণের প্রতিবাদে এলাকাবাসীর স্বার্থে তিনি একাত্মতা ঘোষণা করেছেন বলেও তিনি জানান।


