Logo
Logo
×

নগরের বাইরে

ডাইংয়ের রং মিশ্রিত পানির নিচে ফতুল্লা পাইলট স্কুল সড়ক

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৭:০৫ পিএম

ডাইংয়ের রং মিশ্রিত পানির নিচে ফতুল্লা পাইলট স্কুল সড়ক
Swapno

গেল কয়েক দিনের বৃষ্টিতে জলজট লেগে আছে ফতুল্লার নিম্নাঞ্চলে। বিশেষ করে দাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় সড়কের ভয়াবহ অবস্থা।

আশপাশের কল-কারখানার কালো দূষিত পানি রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে মিলেমিশে একাকার! ড্রেনগুলো ময়লা আবর্জনায় আটকে থাকায় বৃষ্টির পানি সরছেই না।

উল্টো বাসা-বাড়ির টয়লেটের পয়নিস্কাশনের ময়লা পানি ড্রেন উপচে রাস্তায় উঠে এসেছে। জমে থাকা পানি পঁচে দূর্গন্ধ ছড়াচ্ছে। সেখানে বাসা বেঁধেছে কীট-পতঙ্গরা। এছাড়াও জমে থাকা ময়লা পানি এখন মশার অভয়ারণ্যে পরিনত হয়েছে। এর মধ্যেই মারাত্মক স্বাস্থ্যঝুঁকি নিয়ে চলাচল করছে ফতুল্লার হাজারো মানুষ।
 
এদিকে, গতকাল শনিবার ছিল ফতুল্লা পাইলট স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষার খাতা-প্রশ্ন সংগ্রহের শেষদিন। তাই ছিল শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভীড়। তবে স্কুলের দু’দিকের ফটকের রাস্তায় ডাইংয়ের কেমিক্যালযুক্ত কালো বর্জ্যমিশ্রিত পানি থাকায় তা মাড়িয়ে যেতে হচ্ছে স্কুলের ভেতরে।

এতে করে চরম ভোগান্তি ও স্বাস্থ্যঝুকিতে পরেন বিদ্যালয়ে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা। আগামীতে বিদ্যালয়ের কার্যক্রম চালু হলে একই বিপত্তিতে পরবেন বিদ্যালয়টির হাজারো শিক্ষার্থী। 
 
এই বিষয়ে যোগাযোগ করা হলে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন দৈনিক যুগের চিন্তাকে বলেন- ‘বেশ কিছুদিন ধরেই এখানে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এতে করে বিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী বা অভিভাবকসহ প্রত্যেকেই ভোগান্তির মধ্যে পরছেন।

আগামীতে বিদ্যালয় চালু হলে শিক্ষার্থীদের এই ভোগান্তি আরো বেড়ে যাবে। তাই সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কাছে আমার আহবান রইলো, তারা যেন দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা দুরিকরণে ব্যবস্থা নেন।’    
 
জানা গেছে, ডিএনডি বাঁধের আওতাধীন এই এলাকাগুলো প্রতিবছর বৃষ্টির মৌসুমে তলিয়ে থাকে। আর এসব এলাকার ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় বৃষ্টি মৌসুম শেষেও জলাবদ্ধতা সহজে দূর হয় না। এমন দূষিত পানি পারিয়ে নানা রোগে রোগাক্রান্ত হচ্ছেন এসব এলাকার শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষেরা। এই দূর্ভোগ নতুন নয়।
 
তবে, এই জলাবদ্ধতা দূরিকরণে সকারের পক্ষ থেকে প্রকল্প গ্রহণ করা হলেও দু’বছরেও তা সম্পন্ন করা যায়নি। ফলে জলাবদ্ধতার এই দুঃসহ ভোগান্তি থেকে পরিত্রাণ মিলছে না নিম্নাঞ্চলের মানুষগুলোর। যদিও প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। 
 
এদিকে, রাস্তায় ডাইংয়ের  পানি চলে আসায় তা নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।  ফতুল্লার পাইলট উচ্চ বিদ্যালয়ের স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম যুগের চিন্তাকে বলেন, ‘আশপাশের ডাইং কারখানার কালো দূষিত পানি রাস্তায় জমে আছে।  

অফিস থেকে শুরু করে দোকান-পাটে যেতে হলে প্রতিদিন এই বিষাক্ত পানিতে চলাচল করতে হয়। পাইলট স্কুল থেকে শুরু করে খোঁজপাড়া কবরস্থান রোড পুরোটাই তলিয়ে রয়েছে। পানিতে পোকামাকড় ভাসে। এই পানি পারিয়ে পায়ের আঙ্গুলে ঘাঁ হয়ে গেছে।’ 
 
ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লূৎফর রহমান স্বপন যুগের চিন্তাকে জানিয়েছেন, ‘ড্রেন ও খালগুলো ময়লা আবর্জনায় আটকে থাকায় পানি যেতে পারছে না। তাই রাস্তা তলিয়ে যাচ্ছে।

আমরা ড্রেন ও খাল পরিস্কার করিয়েছিলাম। কিন্তু মানুষ সচেতন নয়। তারা পলিথিন সহ বিভিন্ন অপচনশীল বর্জ্য ফেলায় ড্রেন আটকে যায় এবং এভাবে জলযট লেগে থাকে। আমরা তা নিরসনের জন্য ব্যবস্থা নিচ্ছি।’  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন