বামে নিহত আখি। ডানে আখির মায়ের সাথে মেয়ে হুমাইরা
খুন হওয়ার পর পার হয়ে গেছে দুই সপ্তাহরও বেশী সময়। এখনও প্রকৃত খুনিরা এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। এ অবস্থায় বিচার না হওয়ার আশঙ্কায় আছেন বন্দরের আঁখির পরিবার। গতকাল যুগের চিন্তার এই রিপোর্টারের কাছে এমনই আশঙ্কা প্রকাশ করেন নিহত আঁখির মা। এসময় তিনি প্রকৃত আসামীদের ধরার জন্য আকুতি জানান।
প্রায় সাত বছর আগে বন্দর উপজেলার নাসিক ২৪নং ওয়ার্ডের দেউলী এলাকার নজরুল ইসলামের মেয়ে আঁখিকে বিয়ে দেয়া হয় সোনারগাঁ উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের মুগারচর এলাকার মফিজুল ইসলামের ছেলে রুবেলের সাথে। দুই বোন আর এক ভাইয়ের মধ্যে আঁখি সবার বড়।
আঁখির মা জানান, বিয়ের পর তারা জানতে পারে এর পূর্বেই রুবেল আরেকটি বিয়ে করেছিল। বিয়ের সময় সেই স্ত্রী রুবেলের সংসারে ছিল না। বিয়ের পর থেকেই আঁখিকে বিভিন্নভাবে নির্যাতন করতো রুবেলের পরিবার। এমনকি তাদের একটি কন্যা সন্তান (বর্তমানে বয়স পাঁচ) থাকার পরও রুবেল পরে আরও দুইটি বিবাহ করে।
বিভিন্ন নির্যাতন ও রুবেলের চরিত্রহীনতার কারণেই চলতি বছরের জানুয়ারির ৭তারিখ তাদের বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এসময় সামাজিক চাপে এবং প্রশাসনের নির্দেশে আঁখির দেন মোহরের টাকা পরিশোধ করতে বাধ্য হয় লম্পট রুবেল। সেসময় থেকেই আঁখি তার পাঁচ বছরের শিশু কন্যা হুমাইরাকে নিয়ে চলে আসে বাপের বাড়ি। এখানে এসে সব পিছুটান ঝেরে ফেলে সে এসিআই ফ্লাওয়ার মিলে শ্রমিকের চাকুরি নেয়। এরপর বেশ কিছু দিন সে তার মোবাইল বন্ধ রাখার পর গত তিন মাস আগে আবার নতুন করে মোবাইল ব্যবহার শুরু করে। পুরনো সিম ব্যবহার করায় আঁখির স্বামী রুবেল প্রায়ই তার মোবাইলে কথা বলতো বলে জানান তার মা।
আখির মা আরও জানান, ঘটনার দিন আঁখি আনুমানিক সকাল সাড়ে নয়টার সময় বাড়ি থেকে বের হয় এবং এগারটার সময় তাদেরকে স্থানীয় এক লোক এসে জানায় যে, সোনারগাঁ থানা থেকে ফোন করা হয়েছে আখিকে খুন করা হয়েছে। ঘটনার দিন রাতেই আখির ছোট ভাই খোরশেদ আলম বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। কিন্তু তাদের সংসারে এই মামলার বিষয়ে খোজ খবরে দায়িত্ব নেয়ার মতো কেউ নেই। তাই তিনি আঁখির শিশু কন্যা হোমাইরার কথা ভেবে অস্থির। মৃত্যু সম্পর্কে এখনো কিছুই বুঝেনা হোমাইরা। তাই তার কোন শোক নেই। কিন্তু মেয়ের খুনিদের আটক করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আঁখির মা। এ ব্যাপারে তিনি প্রশাসনের দৃঢ় হস্তক্ষেপ কামনা করেন।
এখানে উল্লেখ্য, গত ২৫আগস্ট সোনারগাঁয়ের বাড়িমজলিস এলাকার এক ভাড়া বাড়িতে হাত-পায়ের রগ কেটে নির্মমভাবে খুন করা হয় আখিকে। এর পর থেকেই গা-ঢাকা দিয়ে আছে রুবেলসহ খুনিরা। এঘটনায় রুবেলের পিতা মফিজুল ইসলাম সহ এক পূর্ব পরিচিত নারী নিপা আক্তারকে আটক করে পুলিশ।
এ হত্যাকান্ডের বিষয়ে সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, এই হত্যাকান্ডের বিষয়ে আমার আঁখির শ্বশুরসহ দুইজনকে আটক করেছি। এখন আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আসামীকে ধরার জন্য অভিযান চালাচ্ছি। যেখানে যেখানে সন্দেহ হচ্ছে সেখানেই অভিযান চালাচ্ছি। আসামী যতোই পালিয়ে বাঁচার চেষ্টা করুক বাঁচতে পারবে না। আসামীকে অবশ্যই ধরে আইনের আওতায় আনবেন বলে তিনি জানান।


