সোনারগাঁয়ের ডাকাত সর্দার হাবু’র ২ দিনের রিমান্ড
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫৫ পিএম
সোনারগাঁ থানার একাধিক মামলার আসামি বারদী ইউনিয়নের ইউপি সদস্য দুর্ধর্ষ ডাকাত সর্দার হাবিবুর রহমান ওরফে হাবু ডাকাতের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিল্টন হোসেনের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে আবেদন করলে শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সোনারগাঁও থানা মামলা ১৩(৭)২০ ।
রিমান্ডকৃত আসামি হাবিবুর রহমান ওরফে হাবু ( ৪৪ ) সোনারগাঁও উপজেলাধীন বারদী ইউনিয়নের মান্দারপাড়া গ্রামের মৃত. ওদুত ব্যাপারীর ছেলে ।
রিমান্ডের সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, সোনারগাঁও থানার একটি হত্যা চেষ্টার মামলায় হাবিবুর রহমান ওরফে হাবুর ৭ দিনের চাইলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ।
এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা শাহাবাগ থানা এলাকা থেকে শাহাবাগ থানা পুলিশ নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর তথ্য মতে হাবিবুর রহমান ওরফে হাবু ডাকাতকে গ্রেফতার করা হয়। পরে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি ) এর কাছে হস্তান্তর করেন ।
প্রসঙ্গত, শান্তি বাজার এলাকায় বারদী ইউনিয়নের মেম্বার দুর্ধর্ষ ডাকাত সর্দার হাবিবুর রহমান ওরফে হাবু ডাকাতের অত্যাচারে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। তার দলে রয়েছে বিভিন্ন এলাকার প্রায় শতাধিক ডাকাত।
ডাকাত সর্দার হাবুর বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, মাদক, অস্ত্রসহ রয়েছে ১০টিরও অধীক মামলা ।
এছাড়াও একাধিকবার পুলিশ তাকে ডাকাতি ও গরু চুরির মামলায় গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেন। গত বছরের ২০ অক্টোবর ডাকাতি মামলায় বারদী ইউনিয়ন পরিষদের সামনে থেকে গ্রেপ্তার করে সোনারগাঁও থানা পুলিশ । পরে সেই মামলায় জামিনে বের হয়ে আসেন ।


