বন্দরে ঝুঁকিপূর্ণ মসজিদ মিনারে আতঙ্ক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৩ পিএম
বন্দরের একটি মসজিদসহ এর বহুতল বিশিষ্ট মিনারটি ঝুঁকিপূর্ণ দাবি করে এ ব্যাপারে ব্যবস্থা নিতে শতাধিক এলাকাবাসীর স্বাক্ষর সম্বলিত একটি অভিযোগ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর প্রদান করা হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ডের দক্ষিন লক্ষনখোলার দারুস সালাম নামের ওই মসজিদটির কোষাধ্যক্ষকে নিয়ে গতকাল দুপুরে এ অভিযোগ করা হয়।
অভিযোগে জানানো হয়েছে, দারুস সালাম জামে মসজিদটি এক তলা বিশিষ্ট অনেক পুরনো। টাইলস দিয়ে মসজিদের পিলারগুলো মোটা করলেও ভিতরে শক্তিশালী তেমন কোনো সামগ্রী নেই। তার উপরে ছয় তলা বিশিষ্ট একটি মিনার নির্মাণ করা হয়েছে।
মিনারটির নিচ তলায় একটি দোকান, দুতলা ও তৃতীয় তলায় ইমাম মুয়াজ্জিনের থাকার রুম এবং উপরের অংশে আরও তিন তলা সমান উচ্চতায় মিনার তৈরী করা হয়েছে।
মিনারটিতে নিম্মমানের নির্মান সামগ্রী দেয়ায় অল্প বাতাস বা ঝড় এলেই নড়াচড়া করে। এ মিনারের ডান পাশে একটি মহিলা মাদরাসা রয়েছে, এখানে শতাধিক শিশু লেখা পড়া করেন। মসজিদটির সামনে রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইন।
এলাকাবাসীর দাবি এ মসজিদ ও মিনারটির বিষয় দ্রুত ব্যবস্থা নেয়া না হলে যেকোনো সময় এটি ভেঙে পড়ে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারে।
এবিষয়ে মসজিদ কমিটির আহবায়ক ও উপদেষ্টা অ্যাড. মোহাম্মদ আমির হোসেন বলেন, আমিও শুনছি মসজিদ ও মিনার ঝুঁকিপূর্ন। তবে কতটুকু ঝুঁকিপূর্ন ইঞ্জিনিয়ার এনে পরীক্ষা করে দেখবো। এরপর ইঞ্জিনিয়ার যদি বলে ঝুঁকিপূর্ন তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
মসজিদের কোষাধ্যক্ষ জাকির হোসেন বলেন, ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়াই অপরিকল্পিত ভাবে মসজিদটি নির্মান করা হয়েছে। কমিটিতে অনেকেই এ ব্যাপারে দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসলেও প্রভাবশালীদের কারণে কোনো সিদ্ধান্ত নেয়া হয় না।
ফতুল্লার তল্লায় মসজিদে বিস্ফোরনে অনেক হতাহতের ঘটনায় আমাদের এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তাই জেলা প্রশাসনকে লিখিত ভাবে জানিয়েছি।


