সোনারগাঁয়ের এনজিও কর্মী হত্যা মামলার আসামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৭:১১ পিএম
সোনারগাঁয়ে সাজিদুর রহমান নামে এক এনজিও কর্মী হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী শারমিন আক্তারকে (২৩) গ্রেফতার করেছে র্যাব ১১। গত (৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলার মেঘনা থানাধীন টিটিরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ র্যাব ১১’র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শারমিন আক্তার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন বারদি ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের শামসুদ্দিনের ছেলে হান্নানের স্ত্রী। সে এনজিও প্রতিষ্ঠান ব্যুরো বাংলাদেশ, বারদী শাখা থেকে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেছিলো। যার জন্য তাকে সাপ্তাহিক ১ হাজার ২’শ টাকা হারে পরিশোধ করার কথা।
তাই গত ০৬ সেপ্টেম্বর এনজিও কর্মী সাজিদুর রহমান পূর্বের নির্ধারিত তারিখ অনুযায়ী কিস্তির টাকা আনতে শারমিনের বাড়িতে যান। পরবর্তীতে সেখান থেকে এনজিও কর্মী সাজিদুর রহমান এর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত এনজিও কর্মীর সহকর্মী ব্যুরো বাংলাদেশ, বারদী শাখার ব্রাঞ্চ ম্যানেজার শামীম মিয়া বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার থানায় পেনাল কোড আইনের ৩০২/৩৪ ধারায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে র্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল গত ০৭ (সেপ্টেম্বর) কুমিল্লার টিয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করে শারমিন আক্তারকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


