আড়াইহাজারে ব্যাটারী চোর আখ্যা দিয়ে বাছেদ (২৮) নামে এক রাজমিস্ত্রীকে বর্বরতার ঘটনায় ছাত্রলীগ নেতা সাইফুলসহ আরো পাঁচ ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলা নং ১৪(৮)২০ইং। মামলায় সাইফুল (৩৮) কে প্রধান করা সহ আরো পাঁচ জনের নাম উল্লেখ করা হয়েছে।
তিনি আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের সাবেক এজিএস ও দক্ষিণপাড়া এলাকার হাসানের ছেলে। একই এলাকার আব্দুল বাতেনের ছেলে কামরুল (৩৫), অজিতের ছেলে অপু (৩০) ও তপু (২২), মৃত গোপালের ছেলে অজিত (৫০) হাসিমের ছেলে আরিফ (২২)। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রোজীনা বাদি হয়ে গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে থানায় ছয় জনকে আসামি করে মামলাটি করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাইফুলকে।
বাছেদ দক্ষিণপাড়া এলাকার ইয়ানূছ মুন্সির ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বাছেদ বলেন, ‘চলতি মাসের ১৩ আগস্ট ভোর ৬টার দিকে অভিযুক্ত সাইফুল প্রতিবেশী যুবক অপুকে দিয়ে আমাকে ডেকে তার মামা জহিরুলের বাড়িতে নিয়ে যায়। সেখানে সাইফুল আগে থেকেই অপেক্ষা করছিল।
আমি যাওয়া মাত্রই রিকশার ব্যাটারী চোর আখ্যা দিয়ে প্রমথেই আমাকে রশি দিয়ে বেঁধে ফেলা হয়। পরে লোহার পাইপ দিয়ে আড়াইঘন্টা ধরে দফায় দফায় পেটানো হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত অপু, আরিফ ও কামরুলও আমাকে পেটায়। এ সময় সাইফুল আমাকে বলেন, তুই যত বেশী চোরের নাম বলবি। তোর জরিমানা তত কমবে।
না বললে সারা এলাকায় ইতিপূর্বে যত মটর চুরি হয়েছে। তার দায় তোকেই নিতে হবে।’ এক পর্যায়ে আমার কাছ থেকে ৪ লাখ টাকা জরিমানা দাবি করা হয়। এতে আমি রাজি হওয়ায় সাইফুল আমার বৃদ্ধাআঙ্গুলী প্লাস দিয়ে একাধিকবার চাপ দিয়ে থেঁতলে দেয়।
বাছেদ বলেন, সাইফুলের সঙ্গে আড়াই বছর আগে একটি মোবাইল নিয়ে আমার বিরোধ হয়। এরই জেরে সে একটি মিথ্যা অপবাধ দিয়ে আমার ওপর বর্বরতা চালিয়েছে। খবর পেয়ে তার স্ত্রী রোজিনা বেগম ঘটনাস্থলে যায়।
তিনি বলেন, আমার স্বামীকে মিথ্যা অপবাদ দিয়ে আড়াইঘন্টা একটি কক্ষে আটকে রেখে নির্যাতন চালিয়েছে। তার সারা শরীরে আঘাতের দগদগে চিহৃ। যন্ত্রণায় সে ছটপট করছে। সাইফুলের পায়ে ধরে কান্নাকাটি করেও কোনো কাজ হয়নি। এ সময় লতিফ মেম্বার আমার কাছ থেকে সাদা কাগজে লিখিত নেয়।’
তিনি আরো বলেন, আমার স্বামী রাজমিস্ত্রীর কাজ করে সংসার চালায়। সে চোরির করতে পারে না। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার সারা শরীর ফুলে উঠেছে। আমি এই বর্বরতার বিচার চাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে একই ঘটনায় একই এলাকার হান্নানের ছেলে রফিকুলকেও মারধর করে এই সাইফুল। অপরদিকে স্থানীয়রা বলেন, আইন যে সবার জন্য সমান। এই মামলার মাধ্যমে আড়াইহাজার থানার ওসি তা প্রতিষ্ঠিত করেছেন। এতে করে একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে। এতে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে।
এলাকাবাসী এর সঠিক বিচার দাবি করেছেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক না কেন। তাকে আইনের আওতায় আনা হবে।’


