সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে রিকশা চালককে মারধরের অভিযোগ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ১০:২২ পিএম
নির্মাণ শ্রমিক বাছেদের মামলা দায়ের করার ১দিন পর মুখ খুলতে শুরু করেছে এলাকার সাধারণ মানুষ। শনিবার উপজেলার দাবুর পুড়ার হানিফা বাদী হয়ে ছাত্রলীগ নেতা সাইফুলের বিরুদ্ধে তার ভাই ফারুকের হাত ভেঙ্গে ফেলার অভিযোগ করেন থানায়।
অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সরকারী সফর আলী কলেজের ছাত্রলীগের সাবেক জিএস সাইফুল ইসলাম ও তার সহযোগিরা ব্যাটারী চোরসন্দেহে ফতেহপুর ইউনিয়নের দাবুরপুড়া গ্রামের আছমত আলীর ছেলে রিকশা চালক ফারুককে (৩৫) ডেকে এনে তার মামা জহিরুলের বাড়িতে নিয়ে গ্যাস লাইণের লোহার পাইপ দিয়ে বেধড়ক পিটিয়ে ডান হাত ভেঙ্গে দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কেন্দ্রে আনলে ডাক্তার তাকে ঢাকায় রেফার্ড করেন।
এদিকে বাছেদ নামের এক নির্মাণ শ্রমিককে মারধরের ঘটনায় শুক্রবার সাইফুল সহ ৫ জনের নামে থানায় মামলা হয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে হাত ভেঙ্গে ফেলা ফারুকের ভাই হানিফা বাদী হয়ে শনিবার থানায় গিয়ে আরো একটি অভিযোগ দায়ের করেন।
অপর দিকে অভিযোগ রয়েছে, শুক্রবার রাতে সাইফুল ও তার সহযোগিদের বিরুদ্ধে মামলা হলেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামীরা। এতে করে ভুক্তভুগিদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
আড়াইহাজার থানার উিউটি অফিসার এস আই রিয়াজ জানান, হাত ভাঙ্গার ঘটনায় শনিবার ফারুকের ভাই হানিফ বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।


