সুদের টাকা দিতে না পারায় ঋণ গ্রহিতাকে বাড়ি থেকে বের করে দরজায় তালাবদ্ধ করে রেখে বাসা থেকে বের করে দেয়া হয়েছে। অপরদিকে ঋণ গ্রহিতার মেয়েকে শ্লীলতা হানি চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার ফতুল্লার কুতুবপুরে নূর বাগ শাহি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বুধবার দুপুরে ফতুল্লা মডেল থানায় নূর নাহার বেগম বাদী হয়ে আয়েশা বেগম(৩৫),সেলিম(৪০),নূর মোহাম্মদ টেলি(৪০) কে আসামী করে একটি লিখিত অভিযোগ দিয়েছে।
গত ৩ বছর আগে নুর নাহার বেগমের টাকার প্রয়োজন হয়। কোথাও থেকে টাকা জোগাড় করতে না পেরে তিনি কুতুবপুরের নূর বাগ এলাকার নূর ইসলামের স্ত্রী আয়েশা বেগমের কাছ থেকে ১ লাখ টাকা ঋণ গ্রহন করেন। ১ লাখ টাকার বিপরীতে সপ্তাহে সুদ বাবদ ৫ হাজার ৫’শ টাকা দাবী করেছিলেন আয়েশা।
নূর নাহারের টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় তিনি আয়েশার কথা মেনে নেয়। বিগত ৩ বছর বছর যাবৎ ১ লাখ টাকার বিপরীতে প্রতি সপ্তাহে ৫ হাজার ৫’শ টাকা সুদ দিয়ে আসছিলেন। এরই মধ্যে বিগত ১ বছর আগে আয়েশা আক্তারকে ঋণের ৫০ হাজার টাকাও প্রদান করেছিলেন। করোনা কালীন সময়ে বিগত ৫ মাস যাবৎ সুদের টাকা দিতে পারেনি নুর নাহার ।
এ কারনে আয়েশা ও তার লোকজন নুর নাহারের পরিবারকে বিভিন্ন সময় নানা রকম হুমকি দিয়ে আসছিল। ইতিপূর্বে ঋণ গ্রহিতার মেয়ে তামান্নাকে সুদের টাকার জন্য সেলিম ও নূর মোহাম্মদ টেলি শ্লীলতা হানির চেষ্টা করেছে বলেও জানা গেছে।
গত ৭ আগষ্ট আয়েশা ও তার সাথের লোকজন নূর নাহার বেগমের ঘরে তালা লাগিয়ে ঘর থেকে পরিবারের সদস্যদের বের করে দেয়। এ ব্যাপারে স্থানীয় ব্যাক্তিদের জানিয়েও কোন সুরাহা পাননি ভুক্তভোগী নারী। এব্যাপারে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন নুর নাহার।
এ ব্যাপারে ভুক্তভোগী নারী নুর নাহার বেগম জানান, থানায় অভিযোগ দেয়ার পর এসআই আরিফ এসে ঘরের তালা খুলে দিয়ে গেছেন। এরপর সন্ধ্যায় আবার তার ঘরে হামলা করেছে আয়েশা ও তার লোকজন। পুনরায় তিনি পুলিশকে ঘটনা জানানোর পর পুলিশ পুনরায় ঘটনা এসেছিলেন। তবে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই আরিফ পাঠান বলেন,বাদীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে ঘরটি তালাবদ্ধ দেখতে পাই। এরপর দরজার তালা খুলে বাদীকে তার বাসায় দিয়ে আসি। বিবাদীদের কাউকে পাওয়া যাইনি।


