র্যাব-১১’র অভিযানে জেএমবি সদস্য গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ০৯:৫২ পিএম
উগ্রবাদী বই, লিফলেট ও জঙ্গীবাদী কাজে ব্যবহৃদ মালামাল জব্দসহ মাওলানা সালমান মোহাম্মদ (৩২) ওরফে মোঃ সালমান নামের এক উগ্রবাদীকে গ্রেফতার করেছে ‘র্যাব-১১’। বুধবার সকালে রাজধানীর কদমতলীতে এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সালমান নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির এক এহসার সদস্য।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ১টি ল্যাপটপ, ১টি সিপিইউ, ১টি প্রিন্টার, ১টি মোবাইল ফোন, বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও উগ্রবাদী লিফলেট জব্দ করা হয়। সালমানের গ্রামের বাড়ি কুমিল্লার বরুরার জীবনপুর এলাকায়।
বুধবার দুপুরে র্যাব-১১’র অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সালামান সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভূক্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
বিজ্ঞপ্তিতে আরো জানান, সালমান ২০১৪ সালে অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী লেখকের বক্তব্য শুনে উগ্রবাদের দিকে ধাবিত হয়। এরপর ২০১৬ সালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবিতে যোগদান করে। এরপর থেকে সে জেএমবির দাওয়াতী কাজের পাশাপাশি বিভিন্ন ইসলামী প্রকাশনার সম্পাদনার কাজ করে আসছে।
বিভিন্ন শীর্ষ পর্যায়ের দেশী-বিদেশী জঙ্গী মতাদর্শের লেকচার, লিফলেট ও উগ্রবাদী লেখা ব্রাউজিং সাইটগুলোতে আপলোড দিত সে। এমনকি সে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিক্ষিত ও সমমনা তরুণদের উগ্রবাদী মতাদর্শে উদ্বুদ্ধ করে আসছে। সালমান র্যাবকে আরো জানায়, সে তার অন্যান্য সহযোগীদের নিয়ে সংগঠিত হয়ে দীর্ঘদিন যাবত গোপনে জেএমবি’র কার্যক্রম পরিচালনা করে আসছে।##


