প্রভাবশালী একাধিক নেতা থাকতেও নেতৃত্ব সংকটে ফতুল্লায় বিএনপির অবস্থা একেবারেই নাজুক। জেলাতো বটেই, থানা থেকে শুরু করে ওয়ার্ড কমিটির একই দশা। ভুরিভুরি নেতা থাকলেও নেতৃত্ব নেই। ১২ বছর ধরে কমিটি নেই। নেই কোন কার্যালয়ও। ফলে দলের মেরুদন্ড খ্যাত তৃণমূল যেন ভেঙ্গে পরেছে। সিনিয়র নেতাদের কোন হদিস নেই।
তৃণমূলের খোঁজ খবর নেয় না কেউই। ফলে এক সময়ে তুমূল সক্রিয় নেতাদের অনেকেই এখন রাজনীতি থেকে ইস্তফা নিয়ে নিয়েছেন। অবশিষ্ট যারা আছেন, তারাও ভুতুরে মামলায় জড়িয়ে আদালতে হাজিরা দিতে দিতেই রাজনীতির শেষ দেখছেন। এই অবস্থাতেও ইউনিয়ন, থানা বা জেলা পর্যায়ের নেতারা তৃণমূলের খোঁজ-খবর রাখছেন না বলে অভিযোগ অনেকেরই।
অথচ, নারায়ণগঞ্জ জেলার অতিগুরুত্বপূর্ন ফতুল্লা অঞ্চলেই বিএনপি নেতা শাহ-আলম, এক সময়ের বিএনপি মননীত সংসদ সদস্য মোহাম্মদ আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও বিএনপি নেতা পান্না মোল্লার মত বৃত্তবান নেতাদের বসবাস। নির্বাচনের সময়ে তারা খোঁজ-খবর রাখলেও নির্বাচন পরবর্তী সময়ে তৃণমূলের খোঁজ-খবর রাখছেন না বলেও অভিযোগ কর্মীদের।
জানা গেছে, বিগত জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহুর্তে এসে নারায়ণগঞ্জ-৪ আসনের ধানের শীষ প্রত্যাশী বিএনপি নেতা শাহ-আলমকে দলীয় প্রতীক না দেয়ায় ক্ষুব্ধ হন শাহ-আলম। এক পর্যায়ে থানা ও জেলা কমিটির পদ থেকে সরে দাঁড়ান তিনি। একই সাথে শাহ-আলম পন্থি বিএনপি নেতাদের মধ্যেও অনেকেই হতাশায় পদ থেকে সরে দাড়িয়েছেন অনেক নেতারা।
এমনই একজন ফতুল্লা ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ আবুল হোসেন। ফলে ৩নং ওয়ার্ডের দায়িত্ব পালন করে যাচ্ছেন সাধারণ সম্পাদক মো. রফিক।
গতকাল সোমবার দুপুরে যোগাযোগ করা হলে ফতুল্লা ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ আবুল হোসেন দৈনিক যুগের চিন্তাকে বলেন- “আমি গত নির্বাচনের সময়ে আমার পদ থেকে সরে দাড়িয়েছি। এখন রাজনীতির সাথে সংযুক্ত নই।”
এর কারণ জানতে চাইলে তিনি বলেন- নির্বাচনে আমরা শাহ-আলম সাহেবের জন্য কাজ করেছিলাম। কিন্তু দল তাকে প্রার্থীতা না দেয়ায় ক্ষুদ্ধ হয়ে পদত্যাগ করার মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছি। এখন যেহেতু কোন পদে নেই, আবার বয়সও হয়েছে, সেহেতু রাজনীতি নিয়ে কিছু ভাবছি না।”
এদিকে, ফতুল্লা ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিক দৈনিক যুগের চিন্তা’কে বলেন- “ফতুল্লা বিএনপির ঘাটি হওয়া সত্বেও আমাদের এখানে দলের কোন অস্তিত্ব নেই। অথচ, আমাদের ফতুল্লাতে বেশ কয়েকজন হেভীওয়েট নেতা রয়েছেন।
কিন্তু তাদের মধ্যে নেতৃত্বের অভাব রয়েছে। কারো খবর কেউ রাখে না। নেতৃবৃন্দরা তেমন খোঁজ খবর রাখেন না। এই জন্য তৃণমূলের যারা রয়েছেন তাদের মধ্যে রাজনীতিতে অনিহা চলে এসেছে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন- “দলগত ভাবেই বিএনপি খারাপ অবস্থায় রয়েছে। ক্ষমতাসীন দলের চাপ, প্রশাসনের চাপ, চতুর্মূখি চাপে দলের করুণ দশা। তারপরও আমি মনে করি যে, নেতৃবৃন্দরা যদি তৃণমূলের খোঁজ খবর নেয়, তাহলে সবার মধ্যে সাংগঠনিক স্পিহা চলে আসবে। এটা দলের জন্যই মঙ্গলকর। কোন জুলুমকারীই চিরস্থায়ী নয়। বিএনপি মানুষের হৃদয়ে আছে।
নিঃসন্দেহে এটি বড় দল। তবে, এই ক্রান্তিকাল থেকে ঘুরে দাঁড়াতে হলে যারা নেতৃত্ব দিচ্ছেন, মাঠে তাদের সক্রিয় হওয়ার বিকল্প নেই। আর তারা যদি সক্রিয় হয়, তাহলে তৃণমূল চাঙ্গা হবে। আর তৃণমূল চাঙ্গা হলে বিএনপি আবারও স্ব-গৌরবে ফিরে আসবে।”
এদিকে, কমিটি না হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- “কমিটি না হওয়ার বিষয়টি আমাদের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা বলতে পারবেন। এটা তাদের বিষয়।
আর আমাদের থানা বিএনপির আহবায়ক কমিটি হয়েছে, কিন্তু এই আহবায়কন কমিটিরও কোন কার্যক্রম নেই। এমনকি কোন কার্যালয়ও নেই। তারা তৃণমূলের খোঁজ-খবর নেয় না।”
উল্লেখ্য, এ্যাড. আবুল কালাম আজাদকে প্রধান করে ফতুল্লা থানা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।


