পূর্ণাঙ্গ কমিটির অপেক্ষায় ৭ নং ওয়ার্ড আ.লীগ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ১১:২৭ পিএম
ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠিত হয় ২০১৯ সনের ডিসেম্বরে। দীর্ঘ ১৭ বছরের পুরনো সাবেক কমিটি ভেঙ্গে নতুন কমিটি হওয়ায় যেন প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় তৃণমূল। যদিও চলমান পরিস্থিতির কারণে ওয়ার্ডটিতে এখনও পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা যায়নি। তবে, ত্যাগী নেতাদের নিয়ে পূর্নাঙ্গ কমিটি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে সূত্র।
জানা গেছে, কাউন্সিলের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে গঠিত এই কমিটির সভাপতি হয়েছেন ইকবাল মাদবর এবং সাধারন সম্পাদক হয়েছেন প্রবীন আওয়ামীলীগার মোঃ শাহ-আলম। সূত্র বলছে, ফতুল্লা থানা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ ফাইজুলসহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিছির আলী এবং সাধারণ সম্পাদক মোঃ রায়হান শরীফের হস্তক্ষেপে কমিটি গঠনের পক্রিয়া সম্পন্ন হয়। বর্তমানে যুবলীগ নেতা ফাইজুলের বলয়ে থেকে নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ দলীয় কাজে সক্রিয় রয়েছেন।
ফতুল্লা থানা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ ফাইজুল দৈনিক যুগের চিন্তা’কে বলেন, “কমিটি হওয়া না হওয়ার বিষয়টি কেন্দ্রের। কেন্দ্র যেদিন থেকে কমিটি করার জন্য নির্দেশনা দিয়েছে, সেদিন থেকেই কমিটি গঠনের পক্রিয়া শুরু হয়েছে। আমাদের ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের মাধ্যমে কমিটি করা হচ্ছে। আমি তাদের সাহায্য করছি। এর বেশি কিছু না।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন- “পূর্নাঙ্গ কমিটি প্রস্তুত করা হয়েছে। কিন্তু করোনার কারণে সমাগম নিষিদ্ধ থাকায় তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা যাচ্ছে না। এই কমিটিতে ত্যাগী নেতা ছাড়া অন্য কারো সুযোগ নেই। আর ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে। সভাপতি-সাধারণ সম্পাদক উভয়ে প্রকৃত আওয়ামীলীগার।”
খোঁজ নিয়ে জানা গেছে, সর্বশেষ ফতুল্লার ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলো গঠন করা হয় ২০০৩ সালে। এরপর পূরনো কমিটিতেই ভর করে চলেছে প্রায় দেড় যুগ। কমিটি বা কাউন্সিল না হওয়ায় রাজনীতিতে যেন প্রাণ হারিয়ে ফেলছিল তৃণমূলের কর্মীরা। অদৃশ্য কারণে কমিটি না হলেও ওয়ার্ড পর্যায়ের নেতারা আঙ্গুল তুলেছেন ইউনিয়নে আর ইউনিয়ন কমিটির আঙ্গুল উঠেছে থানা কমিটির দিকে। আঙ্গুল তোলাতোলির এই পরিক্রমা শেষ পর্যন্ত গিয়ে ঠেকছে কেন্দ্রের নেতৃবৃন্দদের দিকেও। তৃণমূলের অভিযোগ ছিলো, ইউনিয়ন ও থানা কমিটির অবহেলায় ওয়ার্ড কমিটি হচ্ছিল না। আবার জেলা কমিটির নেতৃবৃন্দদের কারণে থানা বা ইউনিয়ন কমিটি পূর্নাঙ্গ হচ্ছে না বলেও অভিযোগ ছিলো অনেকের। তবে, কেন্দ্রের নির্দেশনা না আসাতেই নতুন কমিটির জন্য দীর্ঘ ১৭ বছর অপেক্ষা করতে হয়েছে বলে মনে করছেন রাজনীতিবীদরা।
এদিকে সূত্র জানায়, তৎকালিন সময়ে ৩টি ওয়ার্ড নিয়ে একটি করে কমিটি গঠন হয়েছিল। তবে, এবার প্রতিটি ওয়ার্ডের জন্য পৃথক পৃথক কমিটি দিয়েছে ক্ষমতাসীন দলটি। এতে করে, কমিটি বাড়ার পাশাপাশি বেড়েছে নেতৃত্বও। ফলে পূর্বের তুলনায় বর্তমানে আওয়ামীলীগের তৃণমূলে গতি ফিরে এসেছে।
৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকবাল মাদবর দৈনিক যুগের চিন্তাকে বলেন- “আগে ৩টি ওয়ার্ড নিয়ে একটি করে কমিটি ছিলো। ২০০৩ সাল থেকে ওই কমিটির পদচারনা শুরু হয়। কিন্তু নানা কারণে নতুন কমিটি হচ্ছিল না। একপর্যায়ে কেন্দ্রের নির্দেশে গত ২০১৯ সালের ডিসেম্বর মাসে পূরনো সেই কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হয়। আগে ৩টি ওয়ার্ড নিয়ে একটি কমিটি থাকলেও এখন প্রতিটি ওয়ার্ডে পৃথক পৃথক কমিটি করা হচ্ছে। আর নতুন করে কমিটি গঠন হওয়ায় আমাদের তৃণমূলের রাজনীতিতে গতি ফিরে এসেছে। আমরা কারো সাথে কোন ভেদাভেদে না গিয়ে মূল ধারায় এবং দলের জন্য কাজ করে যাচ্ছি।”
৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহ-আলম দৈনিক যুগের চিন্তাকে বলেন- “কমিটি এখনও পূর্নাঙ্গ হয়নি। তবে, প্রস্তুত করা হয়েছে। করোনার কারণে তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা যাচ্ছে না। আমাদের থানা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ ফাইজুল বিচক্ষনতার সাথে কমিটি গুছিয়েছেন। আমাদের মধ্যে কারো সাথে কোন দ্বন্দ্ব নেই। আমরা সবাই সক্রিয় আছি।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন- অন্যান্য ওয়ার্ডের অবস্থা কি তা জানা নেই, তবে সিনিয়র নেতৃবৃন্দরা আমাদের ওয়ার্ডের খোঁজ-খবর রাখছেন। আমরা প্রয়োজনে তাদের কাছে পাচ্ছি। তবে, করোনায় লকডাউনের মধ্যে সাংগঠনিক কর্মসূচি গুলো যথাযথ ভাবে পালন করা না গেলেও আগামী ১৫ আগস্টে শোক দিবসের কর্মসূচির মাধ্যমে করোনায় সৃষ্ট দুরত্ব নিরসন হবে।”


