জুয়ার আসর থেকে পালাতে গিয়ে জুয়ারীর মৃত্যু, গ্রেফতার ৩
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ০৫:০৮ পিএম
রূপগঞ্জে পুলিশের উপস্থিতির টের পেয়ে জুয়ার আসর থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে খলিলুর রহমান (৩০) নামের এক জুয়ারীর মৃত্যু হয়েছে।
এসময় পুলিশ তিন জুয়ারীকে গ্রেফতার করেন। সোমবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমান উপজেলার বেলদী এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার বেলদী নামাপাড়া এলাকার আলিমুদ্দিনের ছেলে সিদ্দিক, অজিত সূত্রধরের ছেলে সজল সূত্রধর ও আজগর আলীর ছেলে সাইফুল ইসলাম।
এদিকে, এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মাহিন ফরাজি ঘটনাস্থল পরিদর্শণ করেছেন ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়সূত্রে জানা গেছে, দাউদপুর ইউনিয়নের বেলদী বাজার এলাকায় প্রতিরাতে জুয়া ও মাদকের আসর বসে। এতে করে এলাকার যুবসমাজ জুয়া খেলায় ও মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদক ও জুয়ারীদের যন্ত্রণায় স্থানীয়রা অতিষ্ট হয়ে পড়েছে।
বেলদী বাজার এলাকায় জুয়ার আসরের বিষয়টি এলাকাবাসী থানা পুলিশকে জানায়। পরে মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে বেলদী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় পুলিশের উপস্থিতির টের পেয়ে সামিরের গ্রীলের দোকানের ছাঁদের উপরে অবস্থানরত জুয়ার আসর থেকে জুয়ারীরা পালানোর চেষ্টা করে।
এসময় জুয়ারী খলিলুর রহমান ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থল থেকে ওই তিন জুয়ারীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
নিহতের ভাই বাতেন ভুইয়া বলেন, গত এক বছর আগে প্রবাস থেকে দেশে ফিরে এসে এলাকার জুয়ারীদের সঙ্গে মিশে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ে। জুয়ারীদের কারনে আজ আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, জুয়া আইনে গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


