সোনারগাঁয়ে ভেজাল ও মানহীন খাদ্য পানীয় তৈরি, গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ০৫:০৩ পিএম
সোনারগাঁয়ে অনুমোদনহীন ভেজাল ও মানহীন খাদ্য পানীয় তৈরি কারখানা ‘আর এন আর ড্রিংকস এন্ড এগ্রো প্রোডাক্টস’ এ অভিযান চালিয়েছে র্যাব ১১টার একটি আভিযানিক দল।
এ সময় কারখানার দায়িত্বরত মজিবুর রহমান (৫০) নামে একজনকে গ্রেফতার করা হয়। এবং কারখানায় তৈরি অবস্থায় ১০০ মিঃ লিঃ ওজনের ১২৯৬ বোতল অরেঞ্জ ফ্লেভার ড্রিংক, ১০০ মিঃলিঃ ওজনের ১৫১২ বোতল লিচি ফ্লেভার ড্রিংক, ১০০ মিঃলিঃ ওজনের ১১৫২ বোতল লাচ্ছি এডেড মিল্ক, ৪ কেজি সাইট্রিক এসিড, ৪ কেজি তরল ম্যাংগো ফ্লেভার, ২ কেজি পটাসিয়াম সালফেট এবং ভেজাল ও মানহীন খাদ্য পানীয় বোঝাই ১টি মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়। মঙ্গলবার ( ১১ আগস্ট) দুপুরে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় সোনারগাঁ থানাধীন সাদিপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয় চা এবং ভেজাল ও মানহীন খাদ্য পানীয়সহ মজিবুর রহমান নামে একজনকে গ্রেফতার করা হয়। এ সময় কারখানার এমডি মো. রশিদ আলী ও কারখানার ম্যানেজার মোঃ সুজন মাহমুদ কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত’কে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পলাতক আসামীদের পরষ্পর যোগসাজশে কয়েক বছর যাবৎ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন সাদিপুর এলাকায় জনৈক ছানোয়ারের বাসা ভাড়া নিয়ে সরকারী অনুমোদন না নিয়ে ‘আর এন আর ড্রিংকস এন্ড এগ্রো প্রোডাক্টস’ নামক ফ্যাক্টরী চালিয়ে আসছিল।
উক্ত ফ্যাক্টরীতে ‘পাতাকুড়ি’ ব্র্যান্ড নাম ধারণ করে ভেজাল ও মানহীন খাদ্য পানীয় অরেঞ্জ ফ্লেভার ড্রিংক, লিচি ফ্লেভার ড্রিংক ও লাচ্ছি এডেড মিল্কসহ বিভিন্ন ধরনের ভেজাল পানীয় বিএসটিআই এর অনুমোদন না নিয়েই বিএসটিআই এর লোগো ব্যবহার করে উৎপাদন ও বাজারজাত করে আসছে।
‘পাতাকুড়ি’ ব্র্যান্ড এর পণ্য তৈরির জন্য লেবেলে ব্যবহার করা ঠিকানা রায়েরবাগ যাত্রাবাড়ী, ঢাকা বাংলাদেশ থাকলেও তারা অবৈধ উপায় অবলম্বন করে সোনারগাঁ থানাধীন সাদিপুর এলাকায় অবস্থিত ফ্যাক্টরীতে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ও মানহীন খাদ্য পানীয় তৈরি করে বাজারজাত করে আসছে যা শিশু ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক।
অনুসন্ধানে জানা যায় যে, উক্ত ফ্যাক্টরীর নামে কোন ভ্যাট রেজিস্ট্রেশনও নেই। তারা কোন প্রকার মূসক প্রদান না করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এই সকল অননুমোদিত ভেজাল ও মানহীন খাদ্য পানীয় নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল ।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


