লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহত রাশেদের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নন্দলালপুর বিসমিল্লাহ বেকারী মসজিদ গলি এলাকায়। গতকাল সোমবারও নিহতের বাড়িতে চলছে কান্নার আহাজারি ও শোক।
এমন সময় সদর উপজেলার ইউএনও নাহিদা বারিক নিহতের বাড়ি যেয়ে পরিবারের শোকাহতদের সান্তনা দিয়ে সর্বদা তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু।
নিহত রাশেদের মা লুৎফারনেছা কান্না জড়িত কন্ঠে বলেন, আমাদের এই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলো আমার ছেলে রাশেদ। বিদেশে কাজ করে আমাদের সংসার চালাইতো। এখন শুনতাছি আমার ছেলে মইরা গেছে। আমি আমার ছেলেকে শেষ দেখা দেখতে চাই। আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার ছেলের লাশ আমাদের কাছে আইন্না দেন।
নিহত রাশেদের মা লুৎফার নেছা’র কথা শুনার পর ইউএনও নাহিদা বারিক বলেন, আপনার ছেলের লাশ দেশে আনার জন্য আমার সকলপ্রকার ব্যবস্থা নিচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব আপনার ছেলের লাশ আমরা আপনাদের কাছে এনে দিব। আর আপনাদের পরিবারের পাশে আমরা আছি। আপনাদের যেকোনো সমস্যা আমাদের জানাবেন আমরা সেটা সমাধান করবো।
এসময় কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টুও বলেন, আপনাদের যেনো কোনো সমস্যা নাহয় তার জন্য আমরা খোঁজ খবর নিতে এসেছি। আমাদের মোবাইল নাম্বার গুলো দিয়ে গেলাম। আপনাদের যেকোনো সমস্যা আমাদের জানাবেন আমরা ব্যবস্থা নিব।
উল্লেখ্য, রৈরুতে গত ৪ আগস্ট ভয়াবহ দুটি বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ ১০৮ প্রবাসী আহত হন। এই বিস্ফোরনে মারা গেছেন পাঁচ বাংলাদেশী। নিহত রাশেদের পরিবারের আছেন মা লুৎফর নেছা ও এক ভাই দুই বোন।


