ফতুল্লা ৬নং ওয়ার্ড আ’লীগ
দুই সদস্য বিশিষ্ট কমিটিতেই সন্তুষ্ট
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ০৭:৪৩ পিএম
দীর্ঘ ১৭ বছরের পুরনো কমিটি ভেঙে দিয়ে ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটি হয়েছে । তাও আবার পূর্নাঙ্গ নয়! গত বছরের অক্টোবরে কাউন্সিলের মাধ্যমে গঠিত এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল আউয়াল।
আর সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন ফারুক হোসেন শিমুল। ৫১ সদস্য বিশিষ্ট এই ওয়ার্ড কমিটি করার কথা থাকলেও আপাতত সভাপতি-সাধারন সম্পাদক নির্ধারনেই সন্তুষ্ট থাকতে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সর্বশেষ ফতুল্লার ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলো গঠন করা হয় ২০০৩ সালে। এরপর পূরনো কমিটিতেই ভর করে চলেছে প্রায় দেড় যুগ। এই দীর্ঘ ১৭ বছর কমিটি না হওয়ার কুফল ভালই টের পেয়েছে দলটি। কমিটি বা কাউন্সিল না হওয়ায় রাজনীতিতে যেন প্রাণ হারিয়ে ফেলছিল তৃণমূলের কর্মীরা।
অদৃশ্য কারণে কমিটি না হলেও ওয়ার্ড পর্যায়ের নেতারা আঙ্গুল তুলছেন ইউনিয়নে আর ইউনিয়নের আঙ্গুল যাচ্ছে থানা কমিটির দিকে। আগুল তোলাতোলির এই পরিক্রমা শেষ পর্যন্ত গিয়ে ঠেকছে জেলা এবং কেন্দ্রের নেতৃবৃন্দদের দিকেও।
একপর্যায়ে গত বছরের অক্টোবরের পর থেকে ১৭ বছরের পূরনো সেই কমিটি ভাঙ্গার পক্রিয়া শুরু হয়। তবে, শুধু মাত্র ফতুল্লা ইউনিয়নের ৬, ৭, ও ৮নং ওয়ার্ডের আংশিক কমিটি হলেও করোনার হানায় বাকি কমিটি থেকে গেছে বহাল তবিয়তেই।
এই বিষয়ে ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলীর সাথে যোগাযোগ করা হলে দৈনিক যুগের চিন্তাকে তিনি বলেন- “কমিটি না হওয়ার বিষয়ে আমার হাত নেই। কমিটি হলে আমার জন্যেও ভালো হতো।
কারণ ১৯৬৬ সন থেকে রাজনীতিতে আসলেও এখনো পর্যন্ত ইউনিয়ন আওয়ামীলীগেই পরে আছি। কমিটি হলে এতোদিনে জেলা পর্যায়ে নেতৃত্ব দেয়ার কথা ছিলো। ইউনিয়নের দায়িত্বে থাকায় জেলা পর্যায়ে আসিনি। এছাড়াও ফতুল্লা থানা বা জেলা কমিটির নেতৃবৃন্দ আছে। ওয়ার্ড কমিটিগুলো না হওয়ার বিষয়ে তারাই ভালো বলতে পারবে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন- “করোনার আগে গত বছরের শেষের দিকে ফতুল্লার ওয়ার্ড কমিটি গুলো নতুন করে গঠন করার পক্রিয়া শুরু হয়েছিল। ৬, ৭ ও ৮নং ওয়ার্ডের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
কিন্তু করোনা চলে আসায় কেন্দ্রের নির্দেশেই কমিটি গঠনের কার্যক্রম স্থগিত হয়ে পড়েছে। করোনার প্রকোপ শেষে স্বাভাবিক সময় চলে আসলে আগামীতে অন্যান্য কমিটি গঠন করা হবে।”
এদিকে, দীর্ঘ ১৭ বছর পর হলেও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ডের আংশিক কমিটি গঠন হওয়ায় স্থানীয় তৃণমূলের নেতৃবৃন্দরা রাজনীতিতে যেন প্রাণ ফিরে পেয়েছে। করোনার কারণে রাজনীতি ঝিমিয়ে পড়লেও কমিটি হওয়ায় উৎফুল্ল সভাপতি ও সাধারণ সম্পাদক দু’জনই।
এ বিষয়ে ৬নং ওয়ার্ডের সভাপতি আব্দুল আওয়াল দৈনিক যুগের চিন্তাকে বলেন- ‘বিগত ২০০৩ সালে কমিটি হয়েছিল। এরপর ১৭ বছর ধরে কমিটি না থাকায় স্থানীয় আওয়ামীলীগের কার্যক্রম ঝিমিয়ে পড়েছিল। অবশেষে গত বছরের শেষের দিকে ৬নং ওয়ার্ডের আংশিক কমিটি গঠন হয়।
এতে আমিসহ স্থানীয় তৃণমূলের মধ্যে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। করোনার মধ্যেও আমরা মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছি। সিনিয়র নেতারা আগে খোঁজ খবর না নিলেও এখন নিচ্ছেন।’
কার্যালয় প্রসঙ্গে তিনি বলেন- “আমাদের দলীয় কার্যালয় ছিলো। তবে, রেলওয়ের জমিতে কার্যালয় থাকায় তা ভেঙ্গে দেয়া হয়েছে। আগামীতে নিরাপদ জায়গায় কার্যালয় গড়ে তোলা হবে।”
তিনি আরো বলেন- “বিভিন্ন স্থানে বিএনপি সহ অন্যান্য সংগঠন থেকে অনেকেই আওয়ামীলীগে যোগ দিয়েছেন। যাদের আমরা নব্য আওয়ামীলীগার বলে থাকি।
তবে, আমাদের এই ওয়ার্ডে আওয়ামীলীগের সদস্য ফরম পূরনকালে আমরা এই নব্য আওয়ামীলীগারদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। তাই আমাদের কমিটিতে কোন নব্য আওয়ামীলীগার আসার সুযোগ নেই।”
৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন শিমুল দৈনিক যুগের চিন্তাকে বলেন, “আংশিক হলেও কমিটি হওয়ায় আমাদের এখানে তৃণমূলের রাজনীতিতে গতি ফিরেছে। আশাকরি করোনার বিস্তার শেষে আমরা দ্রুত সময়ের মধ্যে পূর্নাঙ্গ কমিটি পাবো।
তাহলে প্রত্যেকের মধ্যে সাংগঠনিক তৎপরতা আরো বৃদ্ধি পাবে। আমরা দলের ভাবমূর্তি রক্ষার্থে স্বচ্ছ রাজনীতি করছি এবং স্বচ্ছ রাজনীতিতেই বিশ্বাসী। আমাদের এমপি এবং তার সহধর্মীনিসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাদের মাধ্যমে এই অঞ্চলের হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
তৃণমূলকে সাথে নিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করায় প্রত্যেকের মধ্যে স্পিহা চলে এসেছে। ফলে করোনায় আমাদের সাংগঠনিক গতি কমে যায়নি।”


